মগবাজার বিস্ফোরণ: মামলার তদন্তে সিটিটিসি
রাজধানীর মগবাজারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম- সিটিটিসি ইউনিট।
শনিবার এই সংক্রান্ত একটি আদেশ হয়েছে বলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রাত সোয়া দশটায় তিনি বলেন, "আদেশ হয়েছে। তবে এখন পর্যন্ত নথি বুঝিয়ে দেওয়া হয়নি। অল্প সময়ের মধ্যে নথি বুঝিয়ে দেওয়া হবে।"
কাউন্টার টেরোরিজম ইউনিট এর উপকমিশনার আব্দুল মান্নানও মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার কথা বলেন।
এতদিন মামলা তদন্তের দায়িত্বে ছিল রমনা থানা পুলিশ।
গত ২৯ জুন একই থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় অজ্ঞাত আসামী উল্লেখ করে ফোজদারী কার্যবিধির ৩০৪-ক ধারায় 'অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানো'র অভিযোগ আনা হয়।
গত ২৭ জুন মগবাজারের একটি তিনতলা ভবনে ভয়াল বিস্ফোরণ হয়।
এতে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে এর নিচের দুই তলা মাটির সঙ্গে মিশে যাওয়ার মত অবস্থা হয়।
আশেপাশের অন্তত এক ডজন ভবনের কাঁচ ভেঙে নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
সড়কে থাকা তিনটি বাসও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যেগুলোর মধ্যে একটির চালক মারা যান।
ঘটনার দিন রাতেই ছয়জনসহ এই পর্যন্ত ১০জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
আরও পড়ুন:
