ব্যাটারিচারিত রিকশা-ইজিবাইক বন্ধে কঠোর হতে বললেন কাদের
ঢাকা মহানগরীতে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশ ও দুই সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার নিজের সরকারি বাসভবন থেকে ঢাকা যাবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএর বোর্ড সভায় যুক্ত হয়ে তিনি বলেন, “ঢাকা মহানগরীতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি কর্পোরেশনকে কঠোর হতে হবে।”
উন্নয়ন-অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে ‘তাক লাগিয়ে’ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “সমন্বহীনভাবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কোনো সড়ক খনন করা যাবে না।”
ইনার রিং রোডের ইস্টার্ন বাইপাস এবং ওয়েস্টার্ন অংশের হালনাগাদকরণে ডিটিসিএর মাধ্যমে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।
এছাড়া ডিটিসিএ প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র গ্রহণের বিষয়টি আইনগত বিধি-বিধানের আওতায় রাজউকের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করার কথাও বলেন তিনি।
ডিটিসিএর বোর্ড সভার আলোচনা শেষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন “এদেশের রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি। শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয়, কারও উপর হিংস্র আচরণও করেনি বরং প্রধানমন্ত্রী বিরোধীদলের নানা উসকানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্য্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।
“সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিএনপিই দানবীয় আচরণ করছে। শত উসকানির বিপরীতে শেখ হাসিনা সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে।”
‘আওয়ামী লীগ হিংস্র আচরণ করছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “যাদের হাতে ২১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, তারা আজ আওয়ামী লীগকে হিংস্রতার কথা বলে। বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না। তারা চায় দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে। আন্দোলনের নামে জনগণ ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করাই বিএনপির রাজনীতি।”
জনগণের প্রতি রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্ব রয়েছে তা পালনে বিএনপি অনেক আগেই ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনার উদারতা দেখে ভাববেন না এটা আমাদের দুর্বলতা।”
