জলবায়ু পরিবর্তনে আরও বেশি প্রাকৃতিক দুর্যোগ আসবে, সতর্কবার্তা পরিবেশমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বাংলাদেশকে আরও বেশি দুর্যোগের ক্ষতির মুখে পড়তে হবে, সেই শঙ্কা জানিয়ে জনগণকে পরিবেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
বুধবার ‘জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ-পশ্চিম উপকূলে দুর্যোগের ঝুঁকি’ শীর্ষক ভার্চুয়াল জাতীয় সংলাপে অংশ নিয়ে মন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর তাগিদ দিয়েছেন।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত ওয়েবিনারে শাহাব উদ্দিন বলেন, “যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকবে। এটাকে আমরা বন্ধ করতে পারব না।
“আমাদের প্রতিবছরই কোনো না কোনো দুর্যোগ আসছে। আগে হয়ত পাঁচ থেকে সাত বছর পরে হত। এখন প্রতিবছরই হচ্ছে। এটাকে আমাদের মোকাবেলা করতে হবে। দুর্যোগকে মোকাবেলার জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।”
পরিবেশ মন্ত্রণালয় থেকে বৃক্ষ রোপণের জন্য বড় প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সাগরের তীরে গাছ লাগাচ্ছি। এছাড়া যেখানে বাঁধের প্রয়োজন, সেখানে যদি বাঁধের দুই পাশে বেশি করে গাছ লাগানো যায়, তাহলে বাঁধটা বেশি শক্তিশালী হবে। এলাকার মানুষও উপকৃত হবে।”
তবে বাংলাদেশ আগের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগ মোকাবেলায় অনেক সক্ষমতা অর্জন করেছে দাবি করে মন্ত্রী বলেন, “দেশে দুর্যোগের ক্ষয়ক্ষতি, বিশেষ করে প্রাণহানির সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। তবে সুপেয় পানীয় জলের অভাব, কৃষি জমিতে লবণাক্ততা, বেকারত্বসহ প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় উপকূলীয় জনগণের জন্য প্রয়োজন আমাদের উদ্ভাবনী এবং টেকসই উদ্যোগ।”
দুর্যোগের ক্ষতি কমাতে বাঁধ রক্ষায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, “শক্তিশালী বাঁধ দিয়েও তা সুরক্ষা করা না গেলে বাঁধ টিকিয়ে রাখা যাবে না। অনেকে বাঁধের পাড়ে মাছের ঘের করেন, এসব কারণেও বাঁধ নষ্ট হয়ে যায়।”
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের লক্ষ্যে সরকার ‘বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ স্ট্রাটেজি অ্যান্ড অ্যাকশন প্লান’ হালনাগাদ করেছে বলে জানান শাহাব উদ্দিন।
“সরকার নিজস্ব অর্থায়নে ‘বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠন করেছে। সেই অর্থায়নে দেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।”
ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার তাগিদ দেন তিনি।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম-সম্পাদক মিহির বিশ্বাস, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্চ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান।
