ঝড়ের সংকেত নেমেছে, বৃষ্টি চলছে কোথাও কোথাও
সাগরে ঝড়ো হাওয়ায় শঙ্কা কেটে যাওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলো থেকে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে।
তবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবারও দেশের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকাসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আরও কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়বে। সেই সঙ্গে তাপমাত্রাও সামান্য বাড়বে।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে দেশের সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।
বুধবার ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ওড়িশা উপকূলে আঘাত হানে। স্থলভাগ অতিক্রমের পর বৃষ্টি ঝরিয়ে তা ধীরে ধীরে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়ে।
ঘূর্ণিঝড়ের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস। বাংলাদেশে ঝড়ের ধাক্কা সেভাবে না লাগলেও উপকূলে ঝড়ো হওয়া ছিল, স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে দক্ষিণের অনেক জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতিও হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে; রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহায়া অফিস।
বৃহস্পতিবার সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২২.১ ডিগ্রি সেলসিয়াস।
জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে দেশেজুড়ে তাপপ্রবাহ বয়ে যায়। এরইমধ্যে গেল শনিবার সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। তা ধীরে ধীরে ঘনীভূত হয়ে সোমবার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
বুধবার তা অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে দুপুরে ভারতের ওড়িশা উপকূল দিয়ে যখন স্থলভাগে ওঠে, তখন বাংলাদেশ উপকূলে কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জোয়ার হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য। তাতে অনেক এলাকায় বাঁধ ভেঙে বাড়ি-ঘর, মাছের ঘের, ফসলি জমি ডুবেছে।
ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বেড়ে উপকূলীয় নয়টি জেলার ২৭টি উপজেলায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
প্রায় দুই দিন বন্ধ রাখার পর বৃহস্পতিবারই সারাদেশে নৌ চলাচল শুরু হয়।
পুরনো খবর
