২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ কার্যদিবসের বাজেট অধিবেশনের ‘পরিকল্পনা’

সংসদের আসন্ন বাজেট অধিবেশন ১২ কার্যদিবসে শেষ করার প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 09:45 PM

Updated : 02 Aug 2022, 05:51 PM

সংসদ অধিবেশনের একটি খসড়া কার্যসূচি এরইমধ্যে তৈরি করেছে সংসদ সচিবালয়। অবশ্য এতে পরিবর্তন আসতে পারে।

খসড়া অনুযায়ী, ২ জুন শুরু এই অধিবেশন শেষ হবে ১ জুলাই। সংসদ চলবে ১২ কার্যদিবস।

গত বছরের অধিবেশন ছিল নয় কার্যদিবসের, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

আগামী ২ জুন বিকেল পাঁচটায় বাজেট অধিবেশন শুরুর দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। ওইদিন শোক প্রস্তাব, আলোচনা ও গ্রহণ করা হবে। এরপর সংসদ মুলতবি হবে।

পরদিন বিকেল তিনটায় আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অর্থ বিল উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এরপর থেকে প্রতিদিনের কার্যদিবস বেলা ১১টায় শুরু হবে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, “অধিবেশনের কার্যসূচির খসড়া করা হয়েছে। তবে স্পিকার যে কোনো সময় এতে পরিবর্তন আনতে পারেন। অধিবেশন শেষের বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবেন।”

সরকারি দলের হুইপ ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামারীর সময় অন্যান্য অধিবেশনের মত কোরাম নিশ্চিত করে সর্বনিম্ন সংখ্যক সদস্য নিয়ে অধিবেশনের কাজ পরিচালনা করা হবে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে।”

খসড়া কার্যসূচি অনুযায়ী, ৬ জুন কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উত্থাপন, চারটি বিল উত্থাপন এবং ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনা হবে।

৭ জুন সম্পূরক বাজেটের আলোচনা ও পাশ এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল পাস হবে।

এরপর সপ্তাহখানেক বিরতি দিয়ে ১৪ জুন আবার বসবে সংসদের বৈঠক।

পরপর চার দিন অর্থাৎ ১৪ থেকে ১৭ জুন প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এরপর ১১ দিন বিরতি দিয়ে ২৮ জুন অধিবেশন আবার বসবে এবং ওই দিনও বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

পরদিন প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে। সেদিন পাস হবে অর্থবিল।

৩০ জুন মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক মঞ্জুরি দাবি নিষ্পত্তিসহ নির্দিষ্টকরণ বিল পাস হবে। ১ জুলাই শেষ হবে বাজেট অধিবেশন।

ওইদিন প্রশ্ন-উত্তর-পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাস এবং অধিবেশন সমাপ্তি। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। বিরোধীদলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বাজেট পেশের আগে ৩ জুন দুপুর ১২টায় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ বিলে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওইসময় রাষ্ট্রপতি তার সংসদ ভবনের কার্যালয়ে অবস্থান করবেন। এরপর ৩টায় অধিবেশন শুরু হবে।

মহামারীকালের অন্য অধিবেশনগুলোর মত এবারের বাজেট অধিবেশনেও সংসদ সদস্য ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ হলে তারা অধিবেশনে যোগ দিতে পারবেন।

গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন। সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

পরে ৩০ জুন আকার ঠিক রেখে ওই বাজেট পাস হয় সংসদে। ওই বাজেটের অংক আগের অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩.২৪ শতাংশ বেশি ছিল।

আরও পড়ুন

বাজেট পেশ ৩ জুন, অধিবেশন হবে সংক্ষিপ্ত  

বাজেট অধিবেশন বসছে ২ জুন  

সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন শেষ হল