স্বাস্থ্যবিধি মেনে ৫ আদালত ও ট্রাইব্যুনালে করা যাবে আত্মসমর্পণ
স্বাস্থ্যবিধি ও শারীরিক-সামাজিক দূরত্ব মেনে মুখ্য মহানগর হাকিম আদালতসহ পাঁচ আদালত ও ট্রাইবুন্যালে গিয়ে অভিযুক্ত ব্যক্তিরা আত্মসমর্পন করতে পারবেন।
অপর আদালতগুলো হল- মহানগর হাকিম আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল ও সাইবার ট্রাইব্যুনাল।
বে স্বাস্থ্যবিধি, শারীরিক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এসব আদালতের বিচারকদের কার্যপদ্ধতি নির্ধারণ করতে বলা হয়েছে।
শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা এসেছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে বিজ্ঞপ্তিটি দিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মুখ্য মহানগর হাকিম আদালত/মহানগর হাকিম আদালত/নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল/মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল/সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পন আবেদন দাখিল এবং শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গনে এবং আদালত ভবনে কোনরূপ জনসমাগম না ঘটে।
আত্মসমর্পন দরখাস্ত শারীরিক উপস্থিতিতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যতিত অন্য কোনো আইনজীবী এজলাশ কক্ষে অবস্থান করবেন না। একটি আত্মসমর্পন দরখাস্ত শুনানি শেষে সংশ্লিষ্ট আইনজীবী এজলাশ কক্ষ ত্যাগ করার পর ম্যাজিস্ট্রেট/বিচারক পরবর্তী আত্মসমর্পনের দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন।”
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার ঠেকাতে গণপরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার সঙ্গে সীমিত পরিসরে চলা ভার্চুয়াল আদালতের কার্যক্রমে এর আগে মামলা করার অনুমতি দেওয়া হয়েছিল।
গত ২৮ এপ্রিল মুখ্য বিচারিক হাকিম বা মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে এবং ২ মে নারী ও শিশু নির্যাতন দমন, মানব পাচার অপরাধ দমন ও সাইবার ট্রাইব্যুনালে মামলা করার অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।
ভার্চুয়াল আদালতের প্রেক্ষাপট
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার ঠেকাতে সরকার প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে শপিং মল, দোকান-পাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়।
ওইদিন রাতেই সীমিত পরিসরে দেশের আদালত পরিচালনার সিদ্ধান্ত আসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছ থেকে।
বিচার বিভাগ প্রধানের আদেশে এই সংক্রান্ত আলাদা তিনটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এসব বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ এপ্রিল থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু আপিল বিভাগের চেম্বার আদালত, হাই কোর্টের চারটি বেঞ্চ চালু থাকবে।
আর মুখ্য বিচারকি হাকিম বা মুখ্য মহানগর হাকিমের আদালত সীমিত পরিসরে চালু থাকবে। তবে সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকবে।
গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সর্বাত্মক বিধিনিষেধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়, যেটিকে ‘সর্বাত্মক লকডাউন’ বলা হচ্ছে।
এ সময়ে ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।
ওই দিনই এক বিজ্ঞপ্তিতে কারাগারে থাকা আসামিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখে রিমান্ড শুনানির অনুমতি দেওয়া হয়।
একই সঙ্গে আসামিদের আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানি করতে বলা হয়।
এরপর গত ১৩ এপ্রিল আরেক বিজ্ঞপ্তিতে ভার্চুয়াল প্লাটফর্মে সীমিত পরিসরে আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার কথা জানানো হয় সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে।
এরপর বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতকে শুধু জামিন ও অতি জরুরি ফৌজদারি আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ আসে।
এরই এক পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে অধস্তন দেওয়ানী আদালত ও মুখ্য বিচারিক হাকিম বা মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে মামলা করা ও জবানবন্দি গ্রহণের অনুমতি দেওয়া হয়।
