ঢাকার মিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটায় মিরপুর-১ এলাকার ১৯ নম্বর বাসার দোতলার একটি কক্ষ থেকে মাহমুদুল হক রকি (২৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার এসআই জামিউর ইসলাম।
গলায় বিছানার চাদর প্যাঁচানো লাশটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “লাশটির পঁচাগলা অবস্থা দেখে প্রায় তিনদিন আগে তার (রকি) মৃত্যু হয়েছে বলে হচ্ছে।”
রকি মাগুরার একেএম রেজাউল হকের সন্তান।
এসআই জামিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির চারজন শিক্ষার্থী ওই বাসাটিতে ভাড়া থাকেন। এদের মধ্যে তিনজন ঈদ উপলক্ষে যার যার গ্রামের বাড়িতে গেলেও রকি মাগুরায় নিজ বাড়িতে না গিয়ে বাসাতেই ছিলেন।
“বুধবার দুপুরে তার একজন রুমমেট বাড়ি থেকে ফিরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে অচেতন হয়ে যান। পরে বাড়িওয়ালা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।”
খবর পেয়ে রকির বড়ভাই মাসুদ মাগুরা থেকে ঢাকায় এসেছেন।
তার বরাতে পুলিশ কর্মকর্তা জামিউর বলেন, “একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল রকির। মেয়েটি সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে রকি বিষন্নতায় ভুগছিলেন।”
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
