আরও ২০০০ সাংবাদিককে অর্থ সহায়তা দেবে সরকার
করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আরও দুই হাজার অস্বচ্ছল সাংবাদিককে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সভার সিদ্ধান্তের বিষয়ে পরে মন্ত্রী বলেন, “আপাতত আরও দুই হাজার সাংবাদিককে প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
“এই অর্থবছরে আরও ২০০ এর বেশি সাংবাদিককে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে, এর মধ্যে ৪০ জনকে সেই সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও এই অর্থবছরে আরও সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে।”
তথ্যমন্ত্রী বলেন, “করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে অনেকের কর্মহীন হয়ে পড়েন, অনেকে বেতন পাচ্ছিলেন না, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, সারাদেশের এমন তিন হাজার ৩৫০ জন সাংবাদিককে দলমত নির্বিশেষ সহায়তা দেওয়া হয়েছিল।”
মহামারীকালে সাংবাদিকরা চাকরিচ্যুত হচ্ছেন, এ বিষয়ে কোনো উদ্যেগ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, “মহামারীকালে চাকরিচ্যুত করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। আমার কাছে অগ্রহণযোগ্য। আমি জানি অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের মতো সংবাদমাধ্যমগুলো নানান সমস্যার সম্মুখীন। বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার অনুরোধ শুরু থেকে করেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে সেটি অনুসরণ করা হয়নি। সেটি অত্যন্ত দুঃখজনক।”
“যেখানে চাকরিচ্যুতি হচ্ছে সেটি নিয়ে আলোচনা চলছে, সাংবাদিক ইউনিয়নগুলোও চেষ্টা করছে। মনে রাখতে হবে এগুলো কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এগুলো প্রাইভেট প্রতিষ্ঠান। তারপরও আমরা আমাদের সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে আলাপ-আলোচনা করছি। আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনায় আছি, আমরা আশা করব যে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করা হবে সেটিই আমার প্রত্যাশা।”
ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে বিএনপি মহাসচিবের সীমান্ত বন্ধের দাবির বিষয়ে প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “ভারতের সাথে সীমান্ত কার্যত স্বাভাবিক অবস্থায় যেভাবে চালু থাকে সেভাবে চালু নাই। বালাদেশের কোনো মানুষ সেখানে যেতে পারছে না, সেখান থেকে বাংলাদেশেও কেউ আসতে পারছে না। কিন্তু পণ্য পরিবহন চালু আছে।”
“মির্জা ফখরুল সাহেব কি পণ্য পরিবহনও বন্ধ করে দিতে বলেছেন, যাতে বাংলাদেশে পণ্যের সঙ্কট পড়ে? তিনি বুদ্ধিমান মানুষ, তিনি বুদ্ধি করেই বলেছেন অবশ্য, যাতে দেশে একটি সঙ্কট তৈরি হয়। কার্যত সীমান্ত চালু নেই, শুধু পণ্য পরিবহন চালু আছে।”
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় টেউয়ে দেশের পরিস্থিতি ও করণীয় তুলে ধরে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করার কথা বলেন।
শপিং মল ও মার্কেট খুলে কতটা যৌক্তিক সিদ্ধান্ত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “সরকার লকডাউন দেওয়ার পর বিক্ষোভ মিছিল হয়েছে লকডাউন না দেওয়ার জন্য। দোকান খোলার জন্যও বিক্ষোভ মিছিল হয়েছে। সরকারকে তো জীবন এবং জীবিকা দুটোই রক্ষা করতে হবে। জীবন এবং জীবিকা রক্ষার মধ্যে সমন্বয় করতে হবে।
“এখনেও খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হচ্ছে এবং দেশের কয়েক কোটি মানুষ দোকানের উপর নির্ভরশীল, সামনে ঈদ। এগুলো বিবেচনায় রাখতে হয়। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে কাজ করি তাহলে করোনাভাইরাস মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে।”
