কোভিড-১৯: ঢাবি শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু
শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকার আওতায় আনতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আগামী ৩১ মার্চের মধ্যে সব শিক্ষার্থীকে নিবন্ধন করতে বলা হয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনার টিকা গ্রহণের জন্য জরুরিভিত্তিতে তালিকা প্রণয়নের লক্ষ্যে ৩১ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। শিক্ষার্থীদেরকে তাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধনপ্রক্রিয়া শুরু করতে হবে।বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট পেয়েছেন, তারা ওই ই-মেইল অ্যাকাউন্টে লগ-ইন করবেন৷ লগ-ইন করার পর ড্যাশবোর্ড থেকে করোনার টিকার জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে।”
যেসব শিক্ষার্থী এখনও প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করেননি, তাদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য ওয়েব পোর্টালে গিয়ে দিতে হবে। পরে শিক্ষার্থীদের দেওয়া তথ্য তাদের নিজ বিভাগ-ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ ও ইনস্টিটিউটের ই-মেইল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতেও অনুরোধ করা হয়েছে।
