২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার নিলয় হত্যা মামলা বিচারের জন্য জজ আদালতে

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2021, 09:45 PM

Updated : 10 Oct 2022, 05:46 PM

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল মামলাটি বদলির আদেশ দেন।

হত্যাকাণ্ডের পাঁচ বছর পর গত ৪ অক্টোবর জঙ্গি নেতা সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।

৫ বছর পর ব্লগার নীলাদ্রি হত্যার অভিযোগপত্র  

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহর নেতা সেনাবাহিনীর বহিষ্কৃত মেজর জিয়াকে দুদিন আগেই প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যামামলায় মৃত্যুদণ্ড দেয় আদালত।

দীপন হত্যায় আট জঙ্গির ফাঁসির রায়  

জিয়া পলাতক থাকায় নিলয় হত্যামামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ব্লগার নীলাদ্রি হত্যা: জঙ্গি জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  

মামলার অন্য আসামিরা হলেন, মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খান, মো. কামাল হোসেন সরদার, মাওলানা আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সলে সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্রাহ ওরফে জুবায়ের।

২০১৫ সালের ৭ অগাস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ঘরে ঢুকে ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার দেহে ধারালো অস্ত্রের ১২টি আঘাতের চিহ্ন পান ময়না তদন্তকারী চিকিৎসকরা।

ঢাকায় ভর দুপুরে বাসায় ঢুকে ব্লগার হত্যা

যেভাবে খুন হন নিলয়  

‘মৃত্যু নিশ্চিত করতে একের পর এক আঘাত নিলয়কে’

অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশের মতো এই ব্লগারকেও হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস।

নিলয় হত্যার পেছনে আল কায়েদা?

ঘটনার দিনেই নিলয়ের স্ত্রী আশামণি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

২৭ বছর বয়সী নিলয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ব্লগে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের আগে কিছুদিন ধরে হুমকি পাওয়ার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি জিডি করতে গেলেও থানা তা নেয়নি বলে ফেইসবুকে এক পোস্টে তিনি লিখে গিয়েছিলেন।