উত্তরায় জিসান হত্যা: ছিনতাইকারী চক্রে ছিল ‘১১ জন’
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র জিসান হাবিব নিহতের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ বলছে, এরা মোট ১১ জন মিলে টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় ছিনতাই করতেন। কোনো একটি ঘটনার সময় আশপাশে পাহারা বসাতেন তারা। কেউ ধরা পড়লে সঙ্গীদের কয়েকজন এগিয়ে গিয়ে কৌশলে তাদের ছাড়িয়ে নিতেন।
জিসানের ঘটনার সময় মোবাইল ছিনিয়ে নেওয়া যুবক তাদের হাতে ধরা পড়ার পর পাশ থেকে এই চক্রের দুজন এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাতে জিসানের মৃত্যু এবং তার সঙ্গী রুহুল আমিন আহত হন।
বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনে এই হত্যা মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ।
তিনি বলেন, জিসান (১৮) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী আবুল বাসারের ছেলে। স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র জিসান গত ২৮ নভেম্বর ধামরাইয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। ৯ ডিসেম্বর সন্ধ্যায় জিসান এক আত্মীয়কে বিমানবন্দরে পৌঁছে দিতে যান। সেখান থেকে রুহুল আমিন নামের এক আত্মীয়ের সঙ্গে ক্লাসিক পরিবহনের একটি বাস করে নবীনগর ফিরছিলেন। তাদের বাসটি আবদুল্লাহপুর এলাকায় এলে জানালা দিয়ে এক ছিনতাইকারী জিসানের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
তখন বাস থেকে নেমে দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন জিসান। এ সময় রুহুলও বাস থেকে নেমে সেখানে যান। তারা দুজন ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করতে গেলে পেছন থেকে অপর দুইজন ছিনতাইকারী এসে জিসান ও রুহুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিসানের মামাত ভাই মোশারফ হোসেন সৈকত উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার তদন্তে গিয়ে সুন্দরী সুমন, স্বপন, মো. বিপ্লব, তৈয়ব আলী ওরফে উজ্জ্বল ওরফে তবলা ওরফে বাবলা, মো. জাহাঙ্গীর ব্যাপারী ওরফে হৃদয়, মো. তানভীর রহমান নেহাল, মো. জিহাদ, নূরুল ইসলাম রাব্বি ও মো. রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে হৃদয় ওই দিন জিসানের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়েছিলেন জানিয়ে উপকমিশনার শহিদুল্লাহ বলেন, “হৃদয় ধরা পড়লে এই চক্রের সদস্য বিপ্লবসহ দুজন সেখানে গিয়ে পেছন থেকে জিসান ও রুহুলকে ছুরিকাঘাত করেন।
হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি
কবির ও ‘নাতি সোহাগ’ নামে এই চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “এই ছিনতাইকারী চক্রের সদস্যরা একত্রে টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় ছিনতাই করে থাকে। দলের একটি গ্রুপ বিভিন্ন স্থানে পাহারা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আশপাশে আসছে কি না।
“গ্রুপের কোনো একজন ধরা পড়লে অন্য তিন থেকে চারজন সদস্য মুরুব্বী সেজে ঘটনাস্থলে আসে এবং ‘কী হয়েছে, কী হয়েছে ভাই’সহ এ রকম বিভিন্ন কথা বলে আটক ছিনতাইকারীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে।”
এই চক্রকে ধরার বিবরণ তুলে ধরে শহিদুল্লাহ বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গত শনিবার উত্তরা ও টঙ্গী থেকে সুমন ও স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
দুজনকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয় এবং সহযোগীদের সম্পর্কে তথ্য পাওয়া যায় বলে উপকমিশনার শহিদুল্লাহ জানান।
তিনি বলেন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর রায়পুরা থানার বাঘাইকান্দী চর এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব ও তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। আর উত্তরা ও টঙ্গী এলাকা থেকে জাহাঙ্গীর ব্যাপারী, তানভীর রহমান নেহাল, জিহাদ, নূরুল ইসলাম রাব্বি ও রাকিবকে গ্রেপ্তার করা হয়।
সুমন ও স্বপনের তিন দিনের রিমান্ডের শেষ দিন বৃহস্পতিবার দুজনকে আদালতে হাজির করা হয়। সুমন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চোধুরী তার খাসকামরায় তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আর স্বপনের তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় তাকেও কারাগারে পাঠানো হয়।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মুনজুর আলম নতুন গ্রেপ্তার সাত আসামির মধ্যে পাঁচজন জাহাঙ্গীর ব্যাপারী ওরফে হৃদয়, রাকিব, তানভীর রহমান নেহাল, জিহাদ ও নুরুল ইসলাম রাব্বীকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর উভয়পক্ষের শুনানি নিয়ে জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
নতুন গ্রেপ্তারদের মধ্যে বিপ্লব ও তৈয়ব আলীকে বৃহস্পতিবারই নরসিংদী থেকে গ্রেপ্তার করে ঢাকায় এনে কাগজপত্র প্রস্তুত করতে দেরিয়ে হওয়ায় তাদের এদিন আদালতে হাজির করা যায়নি বলে উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা জানিয়েছেন।
