২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বহরে হামলা: সচল হল অস্ত্র-বিস্ফোরক আইনের মামলা

দেড় যুগ আগে বিরোধীদলীয় নেতা থাকার সময় সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অভিযোগ গঠনের উপর স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 07:50 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

একই ঘটনায় অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিদের করা আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে আদালত।

অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিদের আপিল খারিজ করে দিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, “বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ৩১ আসামির আপিল খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। ফলে এ মামলার পরবর্তী কার্যক্রম যথারীতি চলবে।

আর একই ঘটনায় অস্ত্র আইনের মামলাটির অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিদের আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন। এই পর্যবেক্ষণের আলোকে অভিযোগ গঠন করতে বলেছেন আদালত।”

পর্যবেক্ষণে আদালত কি বলেছে জানতে চাইলে এ আইন কর্মকর্তা বলেন, “পর্যবেক্ষণ রায় বের হলে স্পষ্ট করে বোঝা যাবে। তবে অস্ত্র আইনের ৪ ধারায় অস্ত্রের যে সংজ্ঞা আছে, অভিযোগ গঠনের ক্ষেত্রে সেই সংজ্ঞাটিকে প্রতিপালন করে ১৯(চ) ধারায় অভিযোগ গঠন করতে বলেছেন।”

দেড় যুগ আগে শেখ হাসিনার গাড়ি বহরের হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিরা ২০১৭ সালে দুটি আপিল করেন। দুটি মামলায় ৩৮ জন করে আসামি।

আসামিদের করা আপিলের শুনানি নিয়ে ওই বছর ৯ অগাস্ট মামলা দুটির পরবর্তী কার্যক্রম স্থগিত করে দেয়।

ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সড়ক পথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়।

শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা সেদিন আহত হন। ওই ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন কলারোয়া থানায় মামলা করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

এক যুগ পর ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে নালিশি অভিযোগ করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোসলেম উদ্দিন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়।

তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে হত্যাচেষ্টা মামলায় বিএনপির তৎকালীন সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ২৭ জনের বিরুদ্ধে, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনের মামলায় ৩১ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৭ সালের ১০ জুলাই অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পর হত্যাচেষ্টা মামলাটি বাতিল চেয়ে ২০১৭ সালে হাই কোর্টে আবেদন করেন রকিব ওরফে রাকিবুর রহমান নামের এক আসামি।

সে আবেদনের শুনানির পর ওই বছর ২৩ আগস্ট হাই কোর্ট রুল দিয়ে ওই মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।

গত ১ সেপ্টেম্বর এস এম মুনীর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর স্থগিত হয়ে থাকা এসব মামলা চালু করার উদ্যোগ নেন। 

প্রথমেই তিনি হত্যা চেষ্টার মামলাটি বাতিল প্রশ্নে জারি করা সে রুলে শুনানি উদ্যোগ নিয়ে তাতে শুনানি করেন।

চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্ট রুল খারিজ করে গত ৮ অক্টোবর রায় দেয়। সেই সঙ্গে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দেয়।

এদিকে এ হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ২০১৭ সালে ৩১ আসামি আলাদা আপিল করেন।

ওই বছর ৯ আগস্ট হাই কোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলা দুটির পরবর্তী কার্যক্রম স্থগিত করে দেয়।

বৃহস্পতিবার রায়ের ফলে মামলা দুটি ফের সচল হল।

পুরনো খবর:

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: রাকিবুরের বিরুদ্ধে মামলা চলবে