২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রত্যাবাসনে জাতীয় কমিটি

রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবস্থাপনা ও প্রত্যাবাসনসহ বিভিন্ন কার্যক্রম সমন্বয়ে একটি জাতীয় কমিটি করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 01:12 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত ১৭ সদস্যের এই কমিটি গঠন করে গেজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, জননিরাপত্তা বিভাগের সচিব, পররাষ্ট্র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব এবং ত্রাণ সচিবকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এছাড়া পুলিশ মহাপরিদর্শক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ডিজিএফআইর মহাপরিচালক, এনএসআইর মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসান কমিশনারকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবস্থাপনা ও প্রত্যাবাসনসহ সকল কার্যক্রমের সমন্বয় সাধন করতে বলা হয়েছে।

এছাড়া এই কমিটিকে প্রত্যাবাসন সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্স, ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে গঠিত জাতীয় নির্বাহী কমিটির কার্যক্রম, নিরাপত্তা ও রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে গৃহীত কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন, পুননিরীক্ষণ ও পরামর্শ দেওয়া ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও দেখতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে। প্রতি তিন মাসে কমিটির কমপক্ষে একটি সভা এবং প্রয়োজন অনুসারে যেকোনো সময়ে সভার আয়োজন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।