মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে শাস্তি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি
মাদ্রাসায় একের পর এক শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের ঘটনায় উদ্বেগ জানিয়ে এই অপরাধের শাস্তি বাড়ি মৃত্যুদণ্ড করাসহ কয়েকটি দাবি জানানো হয়েছে শাহবাগের একটি মানববন্ধন থেকে।
মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
মানববন্ধনে বক্তারা ধর্ষণের ন্যায় ‘বলাৎকারের’ জন্যও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার দাবি জানান। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বেশ কয়েকটি দাবি করেন তারা। এগুলোর মধ্যে রয়েছে- মাদ্রসা শিক্ষার্থীদের বাক-স্বাধীনতা নিশ্চিত করা, মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ন বন্ধে মনিটরিং সেল গঠন করে নজরদারি বাড়ানো, সব মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সংগীত বাজানো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার নির্মাণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
“ধর্ষণের ন্যায় বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য সরকারের নিকট আমরা আলেম সমাজ দাবি জানাচ্ছি।”
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “গত এক মাসে দেশে প্রায় ৪০ জন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীকে বলাৎকার করা হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু মৃত্যুবরণ করেছে এবং ইতোমধ্যে একটি শিশু আত্মহত্যা করেছে। কিন্তু খুবই দুঃখের বিষয় বলাৎকার নিয়ে এখনও পর্যন্ত দেশের আলেমদের কোনো মন্তব্য বা প্রতিবাদ আমাদের চোখে পড়েনি।”
এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “নিজেদেরকে ইসলামিক দল হিসেবে দাবি করা হেফাজতে ইসলামের নেতারাও বলাৎকারের ঘটনাগুলো নিয়ে নীরব ভূমিকা পালন করেছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, মামুনুল-ফয়জুল গংরা বলাৎকারের নীরব সমর্থনদাতা। এদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে।”
