২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকেনসহ গ্রেপ্তার স্প্যানিশ নাগরিক মুক্তি পাচ্ছেন

ঢাকায় কোকেনসহ গ্রেপ্তার স্প্যানিশ নাগরিক চিয়াস এসপিজো জুলিয়ান সরকারের সিদ্ধান্তের কারণে মুক্তি পেতে যাচ্ছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 06:37 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

সরকার তার বিরুদ্ধে মামলাটি চালাবে না বলে ৫২ বছর বয়সী এই বিদেশিকে মুক্তি দিতে রোববার আদেশ দেন ঢাকার একজন অতিরিক্ত মহানগর দায়রা জজ।

পাঁচ বছর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দরে কোকেনসহ গ্রেপ্তার হয়েছিলেন জুলিয়ান।

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় অভিযোগপত্র দাখিলের পর বিচারকাজ চলছিল।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পরিচালনা না করার সিদ্ধান্ত জানানোর পর ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার রোববার তাকে মুক্তির আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এইচ এম মাসুম সাংবাদিকদের বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পরিচালনা করবে না সিদ্ধান্ত নিয়েছে। তাই বিচারক এই মামলা থেকে তাকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন।

“তাকে আমার (আসামিপক্ষের আইনজীবী) ও স্প্যানিশ দূতাবাসের একজন কর্মকর্তাকে কারাফটক থেকে বুঝে নিতে বলা হয়েছে।”

ব্রাজিলের সাও পাওলো থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকায় নামার পর ধরা পড়েছিলেন জুলিয়ান।

স্পেনের এই নাগরিকের কাছে তিন কেজি কোকেন পাওয়া গিয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়। মামলাটির বাদী ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক এক এম কামরুল ইসলাম।

জুলিয়ানকে গ্রেপ্তারের আগে ওই বছরের সেপ্টেম্বরে ২ কেজি কোকেনসহ পেরুর এক নাগরিককে আটক করা হয়েছিল।