সেবা সপ্তাহে যাত্রীদের জন্য রেলমন্ত্রীর ফুল ও চকলেট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকার কমলাপুর স্টেশনে যাত্রীদের চকলেট ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রোববার কমলাপুর স্টেশন পরিদর্শনকালে তিনি একতা ট্রেনের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান বলে রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে উপস্থিত সাংবাদিকদের রেলপথ মন্ত্রী বলেন, “সেবা সপ্তাহ পালনের মাধ্যমে যাত্রীদের সেবা আরো বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।”
নির্ধারিত উদ্বোধনী স্টেশন (ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর, লালমনিরহাট) থেকে সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্তরা টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করছেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব জায়গায় ডাবল লাইন না হওয়া পর্যন্ত রেলের সূচি বিপর্যয় থেকে পুরোপুরি রক্ষা পাওয়া ‘সম্ভব নয়’।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামানসহ বিভাগীয় রেল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
