২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈকতের ভিড়ে আশার সঙ্গে শঙ্কাও

শীতের শুরুতে কক্সবাজারে বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়, তাতে সৈকত ঘিরে জীবিকা নির্বাহ করা মানুষগুলোর মনে আশা ফিরতে শুরু করলেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার শঙ্কাও থাকছে।

গোলাম মুজতবা ধ্রুব

কক্সবাজার থেকে ফিরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 12:29 AM

Updated : 10 Oct 2022, 07:37 PM

মহামারীর কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আগস্টের মাঝামাঝি সময়ে কক্সবাজারের সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ পর্যটন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমিত পরিসরে খোলার অনুমতি দেওয়া হয়।

ভাইরাসের আতঙ্ক আর বিধিনিষেধের দমবন্ধ নগরী থেকে একটু অবসর পেতে অনেকেই এখন কক্সবাজারে যাচ্ছেন বেড়াতে।

কিন্তু সমুদ্র সৈকত ও কয়েকটি হোটেল-মোটেল ঘুরে দেখা গেল, স্বাস্থ্যবিধি মানার আগ্রহ কারও মধ্যেই খুব একটা নেই। কক্সবাজার শহরে যারা চলাচল করছেন, তারা মুখে মাস্ক পরছেন না। চলাফেরায় শারীরিক দূরত্ব রাখার নিয়মও মানা হচ্ছে না।

এই অবহেলা যে বিপদ ডেকে আনতে পারে, সে কথা কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেনও মানছেন। সে কারণে ভবিষ্যতে আরও ‘কঠোর’ হওয়ার পরিকল্পনার কথা বলেছেন তিনি।

পর্যটন শহর কক্সবাজারে হোটেল-মোটেল ও গেস্ট হাউস রয়েছে সাড়ে চারশর বেশি, যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাব জড়িয়ে আছে ১৫ হাজারের বেশি মানুষের আয়-রোজগার।

এছাড়া রেস্তোরাঁ রয়েছে ৫ শতাধিক। এসব রেস্তোরাঁয় ১০ হাজারের বেশি মানুষ কাজ করে বলে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানান।

তিনি বলেন, কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত রয়েছেন অর্ধ-লক্ষাধিক মানুষ।

এমনিতে স্বাভাবিক সময়ে প্রতিদিন কক্সবাজারে ২০ থেকে ৩০ হাজার দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা থাকত। সাপ্তাহিক ছুটির দিনে তা লাখও পেরিয়ে যেত।

মহামারীর বিরতি শেষে ১৭ অগাস্ট কক্সবাজারের পর্যটনস্থানগুলো আবার খুলে দেওয়ার পর পর্যটকের সংখ্যা এখনও সেই আগের পর্যায়ে যায়নি।

তবে শীতের শুরু থেকে ধীরে ধীরে সংখ্যাটা বাড়ছে বলে জানালেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার।

রোববার দুপুরে কক্সবাজারের ‘আইল্যান্ডিয়া’ রিসোর্টে গিয়ে দেখা গেল, দুইজন কর্মকর্তা অতিথিদের অভ্যর্থনা জানানোর অপেক্ষায় আছেন।

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই অতিথিদের রিসোর্টে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে তারা দাবি করলেও এ বিষয়ে কোনো কড়াকড়ি দেখা যায়নি। মাস্ক ছাড়াই অতিথিদের রিসোর্টে ঢুকতে-বের হতে দেখা গেছে।   

রিসোর্টের ব্যবস্থাপক রবিউল হাসান রবিন বললেন, মহামারীর মধ্যে দীর্ঘ সময় হোটেল মোটেল বন্ধ থাকায় ব্যবসার অবস্থা ভালো নয়।

“এখন সব কিছু খুলে দেওয়ায় ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করেছেন। আমরা প্রশাসনের দেওয়া সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছি। পাশপাশি অতিথিদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছি।”

কিন্তু শহরের অধিকাংশ মানুষ কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলছে না মন্তব্য করে রবিন বললেন, এ বিষয়ে প্রশাসনকেই কঠোর অবস্থান নিতে হবে।

কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরেও দেখা গেছে, পর্যটকরা ভিড়ের মধ্যে মাস্ক পড়ছেন না। দূরত্ব বজায় না রেখেই ঘোরাফেরা করছেন, ছবি তুলছেন কিংবা আড্ডায় মেতে উঠছেন।

চট্টগ্রামের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের একদল শিক্ষার্থী বেড়াতে এসেছিলেন কক্সবাজারে। সৈকতে তারা গান গাইতে গাইতে ঘুরে বেড়ালেন, কিন্তু অধিকাংশের মুখেই মাস্ক ছিল না।

জানতে চাইলে তাদের মধ্যে সৈয়দ মাহমুদুল হাসান নামের একজন বললেন, “মাস্ক আমাদের সবার কাছেই আছে। সৈকতে এসে ছবি তুলব বলে কিছু সময়ের জন্য খুলে রেখেছি।”

ঢাকা থেকে পরিবার নিয়ে সৈকতে বেড়াতে এসেছিলেন একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা মো. কামাল হোসেন। তিনি বললেন, “দীর্ঘদিন বন্দি জীবন কাটানোর পর সৈকতে এসে এখন মাস্ক পড়ার কথা মনেই থাকে না…।”

‘নতুন করে স্বপ্ন দেখছি’

কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নানা শ্রেণির মানুষের জীবিকার উৎস। তৌহিদুল ইসলাম তাদেরই একজন, যিনি বেড়াতে আসা মানুষকে ঘোড়ায় চড়িয়ে জীবিকা নির্বাহ করেন।

তিনি জানান, পর্যটকদের অনেকে তার ঘোড়ায় চড়ে ছবি তোলেন, কেউ কেউ ঘোড়ায় চেপে সৈকতে ঘোরেন। মহামারীর আগে প্রতিদিন তার দেড় থেকে দুই হাজার টাকা আয় হত।

লকডাউনের সময় সৈকত বন্ধ করে দেওয়া হলে রোজগারও বন্ধ হয়ে যায়। ফলে তৌহিদের মত অর্ধশত ঘোড়াওয়ালা পরিবার নিয়ে কঠিন সঙ্কটে পড়েন।

“এখন আবার সৈকতে মানুষ আসছে, ঘোড়ায় চড়ছে। আমরা আবার বেঁচে থাকার আশা পাচ্ছি।”

আবুল কালামের কাজ সৈকতে বেড়াতে আসা মানুষের ছবি তুলে দেওয়া। হাতে হাতে মোবাইল ফোন থাকায় আগের মত ব্যবসা আর নেই। তারপরও গ্রুপ ছবি তোলার জন্য বা পানিতে নেমে সেই ছবি ধরে রাখার জন্য অনেকে ফটোগ্রাফার খোঁজেন।

কালাম জানালেন, তার মত পাঁচ শতাধিক ফটোগ্রাফার এই সৈকতে ছবি তুলে জীবন ধারণ করেন। সৈকত যখন বন্ধ করে দেওয়া হল, তখন সবাইকেই বিপদে পড়তে হয়েছিল। কেউ কেউ তখন রাজমিস্ত্রির কাজও করেছেন।

সৈকতে আসা পর্যটকদের ছাতা ভাড়া দিয়ে এক সময় দিনে ৭/৮ হাজার টাকাও আয় করতেন আবদুস সালাম। তার কথাতেও পাওয়া গেল একই সুর।

“সৈকত বন্ধ থাকায় আমার কোনো কাজ ছিল না। সমুদ্রে মাছ ধরার চেষ্টা করেছি। এখন আবার পুরনো কাজে এসে জীবন অনেকটা স্বাভাবিক হয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারছি।”      

তবু শঙ্কা

হোটেল বিচওয়ের রিসেপশন ডেস্কে দায়িত্বরত সাইদ খান বললেন, গত বছরের ডিসেম্বরের তুলনায় এ বছর পর্যটকদের আনাগোনা এখনও অনেকটা কম। তবে ধীরে ধীরে তা বাড়ছে।

এখন ভাইরাসের প্রকোপ আবার বেড়ে গেলে বা কড়াকড়ি বাড়লে পর্যটকের সংখ্যায় আবার ভাটা পড়বে। হোটেল-মোটেলের মালিক-কর্মী সবার মধ্যেই সে শঙ্কা কাজ করছে।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক কাশেম সিকদার বললেন, ভাইরাস যাতে না ছড়ায়, সেজন্য স্বাস্থ্যবিধি মেনেই তারা সব কাজ করতে চান। তবে সবাইকে সব সময় মানানো যায় না।

টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, “আমরা টুরিস্টদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে সৌকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং করি। এছাড়া নানা ধরনের কর্মসূচি পরিচালনা করি। তবে বাস্তবতা হল, তারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন না।”

অধিকাংশ মানুষই যে স্বাস্থ্যবিধি মানছেন না, ডিসি মো. কামাল হোসেনও তা স্বীকার করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা প্রতিদিন সৈকতে দুটো মোবাইল কোর্ট পরিচালনা করছি। কাউকে এখনো জেল দেওয়া হয়নি, তবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আমাদের আরো কঠোর হতে হবে।”

জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রতিদিন জেলা তথ্য অফিসের মাধ্যমে শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “স্বাস্থ্যবিধি মানার শর্তে হোটেল মোটেলগুলো খুলে দেওয়া হয়েছিল। কেউ সেই সব শর্ত না মেনে চললে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্জিক্যাল মাস্ক ব্যবহার নিরুৎসাহিত করে তিন স্তরের কাপড়ের মাস্ক ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “পুরো জেলায় খুব দ্রুত সময়ের মধ্যে বিনামূল্যে ১০ লাখ মাস্ক বিতরণ করা হবে, যেন সাধারণ মানুষ তা ব্যবহার করে নিরাপদে থাকতে পারেন।”