২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির তদন্ত ও অনুসন্ধান একই ব্যক্তি করতে পারবেন কি, রায় ৮ ডিসেম্বর

দুর্নীতি দমন কমিশনের একই কর্মকর্তা কোনো অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করতে পারবেন কি না,তা জানা যাবে আগামী ৮ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 08:13 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

বিচারপতি বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সেদিন এ বিষয়ে রায় দেবে।

দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর সংশোধিত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামের রিট আবেদনে জারি করা রুলের উপর মঙ্গলবার শুনানি শেষে আদালত রায়ের এ তারিখ ঠিক করে দেয়।

অনুসন্ধান ও তদন্ত কাজ পরিচালনা সংক্রান্ত ২০০৭ সালের ২৬ নভেম্বর সংশোধিত বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রিট আবেদনকারীর বিরুদ্ধে চলমান মামলা কেন বাতিল করা হবে না, তার জবাব চাওয়া হয়েছিল রুলে।  

রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও শাহদীন মালিক। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

২০০৭ সালের ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ প্রণয়ন করে সরকার।

সে বিধিমালার ২৪ নম্বর বিধিতে বলা হয়েছিল, অনুসন্ধানকারী কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তা হবেন ভিন্ন। অর্থাৎ, আলাদা কর্মকর্তা দিয়ে অভিযোগের অনুসন্ধান ও মামলার তদন্তকাজ পরিচালনা করতে হবে।

কিন্তু নয় মাসের মাথায় বিধিটি সংশোধন করা হয়। ২০০৭ সালের ২৬ নভেম্বর বিধিটি সংশোধন করে বলা হয়, একই কর্মকর্তা অথবা পৃথক কর্মকর্তা কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চালাতে পারবেন এবং মামলা হলে সে মামলার তদন্তও করতে পারবেন।

সংশোধিত এই বিধিটি চ্যালেঞ্জ করেন সালাম।

সালাম দুদকে সম্পদের তথ্য দাখিল করেননি এমন অভিযোগে রমনা মডেল থানায় ২০১৭ সালের ১৩ এপ্রিল মামলা করেন দুদকের উপপরিচালক মো. শামসুল আলম। তদন্ত শেষে গত বছর ১৮ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন দুদকের একই কর্মকর্তা।

অভিযোগপত্রে আবদুস সালামের বিরুদ্ধে অবৈধভাবে ৩২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০১৫ সালের ৮ জানুয়ারি থেকে সালাম কারাবন্দি। এ মামলায় তাকে ২০১৭ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়।

গত ৩ আগস্ট মামলাটিতে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত।

এরপর সংশোধিত বিধি এবং তার বিরুদ্ধে করা মামলা বাতিল চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন সালাম।

হাই কোর্ট গত ৭ সেপ্টেম্বর রুল জারি করে, মঙ্গলবার দিল রায়ের তারিখ।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই ব্যক্তি অনুসন্ধানকারী এবং তদন্তকারী কর্মকর্তা হতে কোনো বাধা নেই। কারণ এ বিষয়ে অনেকগুলো জাজমেন্ট আছে।

“আদালতে আমরা আমাদের ব্যাখ্যায় বলেছি, দুর্নীতি কমিশন একটি বিশেষায়িত স্বাধীন সংস্থা। একজন অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান করে একটি অনুসন্ধান প্রতিবেদন জমা দেন। জমা দেওয়ার পর সেটি লিগ্যাল উইংয়ে পাঠানো হয়। পরে কমিশন অনুমোদন করলে মামলা হয়। তারপর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

“তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে অভিযোগের বিষয়ে যেসব সাক্ষ্য-প্রমাণ জমা দেবেন, সেটাতেও কমিশনের অনুমোদন লাগে। কাজেই অনুসন্ধানকারী এবং তদন্তকারী একই ব্যক্তি হলেও যা খুশি তা তিনি করতে পারবেন না।”

শুনানিতে আদালত বলেছিল, যে ব্যক্তি মামলা করেন অর্থাৎ যিনি মামলার বাদী, তিনিই যদি আবার তদন্ত করেন, অভিযোগপত্র দেন সেক্ষেত্রে ওই ব্যক্তির দায়িত্ব হয়ে দাঁড়ায় অভিযোগ প্রমাণ করার।

আদালতের এ বক্তব্যের বিষয়ে খুরশীদ আলম বলেন, “দুদকের মামলার ক্ষেত্রে সেটি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিলেই হয় না। কমিশনকে সেটির অনুমোদন দিতে হয়।”