২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের রিমান্ড শেষে কারাগারে তিথি সরকার

ধর্ম অবমাননার অভিযোগে পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিথি সরকারকে একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2020, 09:23 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

শনিবার তিথিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। ঢাকার মহারনগর হাকিম শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ নভেম্বর তিথি সরকারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ওই দিন তার স্বামী শিপলু মল্লিকের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়।

গত ১১ নভেম্বর বিকেল পৌনে ৪টার দিকে নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি থেকে তিথি সরকারকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুরে তার স্বামী শিপলু মল্লিক রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে গ্রেপ্তার হন।

৩১ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং টিম দেখতে পায়, সিআইডির মালিবাগ কার্যালয়ের চারতলা থেকে তিথি সরকারকে ‘হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে’ বলে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

প্রকৃতপক্ষে সিআইডিতে এরকম কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার তদন্তে নেমে গুজব রটনাকারী নিরঞ্জন বড়াল নামের একজনকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিরঞ্জনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে গত ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। নিরঞ্জন বড়াল রিমান্ড শেষে এখন কারাগারে আছে।

গত ২৫ অক্টোবর সকাল ৯টায় পল্লবীর নিজ বাসা থেকে থানার উদ্দেশে বের হয়েছিলেন তিথি সরকার। এরপর ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

পুরনো খবর:

আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজিয়েছিলেন তিথি: সিআইডি