২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের’ চতুর্থ আসর ১৭ নভেম্বর

বাংলাদেশে তরুণদের অন্যতম বৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2020, 02:32 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

ইয়াং বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ নভেম্বর এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সিআরইয়ের চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি নসরুল হামিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বর যাত্রা শুরু করে ‘ইয়াং বাংলা’।

প্রতি বছর সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া যুব উদ্যোক্তা ও সংগঠনকে অনুপ্রাণিত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশ ও সমাজে অনবদ্য ভূমিকা রাখা ১৩০টি যুব সংগঠনকে সম্মাননা দিয়েছে ‘ইয়াং বাংলা’।

চতুর্থ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ এর অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। চলে ১৫ অক্টোবর পর্যন্ত।

এবারও ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের প্রায় ছয়শ’র বেশি সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, অতি দরিদ্র মানুষের ক্ষমতায়ন, মাদকবিরোধী সচেতনতা অভিযান, কোভিড-১৯ মোকাবেলায় জরুরি কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য বা গ্রিন এনার্জির ব্যবহার, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কৃতি উদ্যোগ এবং দুর্যোগ মোকাবেলার মতো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন এমন উদ্যোক্তা ও সংগঠন এই সম্মাননার জন্য আবেদন করেছেন।

প্রথম পর্যায়ে এবার মোট ছয়টি সাব ক্যাটাগরিতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল- নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের ক্ষমতায়ন, ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, চরম দরিদ্রদের ক্ষমতায়ন ও যুব উন্নয়ন।

দ্বিতীয় পর্যায়ে সাতটি সাব ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। নির্ধারিত ক্যাটাগরিগুলো হলো- মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম, করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি কার্যক্রম, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা কার্যক্রম, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ এবং দুর্যোগ মোবাবিলা ও ঝুঁকি হ্রাস।

প্রায় তিন লাখ সদস্য, ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা ‘ইয়াং বাংলা’র লক্ষ্য ‘ভিশন-২০২১’ এ দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করা এবং তাদের নতুন ধারণা ও উদ্ভাবনকে বিশ্বে তুলে ধরা।

এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কিশোর সাদাত রহমান ও তার দল ‘নড়াইল ভলান্টিয়ার্স’ ২০১৮ সালে এই ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছিল।

পুরনো খবর:

'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' নিবন্ধনের সময় বাড়ল
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চতুর্থ আসরের নিবন্ধন চলছে