মাইন্ড এইডের আরেক মালিক গ্রেপ্তার
পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যামামলায় মাইন্ড এইড হাসপাতালে মালিকদের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গ্রেপ্তার ফাতেমা খাতুন ময়না একজন মনোরোগ চিকিৎসক।
দুপুরের পর ধানমণ্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার ফাতেমা খাতুন ময়না একজন সাইকিয়াট্রিস্ট। ওই হাসপাতালে তার মালিকানা রয়েছে। ওই বাসায় তিনি আত্মগোপন করে ছিলেন।”
শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে চেয়ে আবেদন করা হবে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ নিয়ে এই হত্যামামলায় ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হল।
আনিসুলের বাবা ফাইজ উদ্দিন আহমেদের করা মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়।
এরমধ্যে বেসরকারি হাসপাতালটির মালিকপক্ষের পাঁচজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগ করা হয়েছে।
গত সোমবার মানসিক রোগের চিকিৎসা নিতে ঢাকার আদাবরের মাইন্ড এইডে গিয়ে নির্যাতনে মৃত্যু ঘটে আনিসুল করিমের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুলের বাড়ি গাজীপুরে; তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন।
এক সন্তানের জনক আনিসুল পারিবারিক ঝামেলার কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ঢাকার আদাবরের ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে তার স্বজনরা জানান।
এই মামলায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে ১০ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মাইন্ড এইডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদকে তুলে নেয়নি পুলিশ।
গ্রেপ্তার অন্যরা হলেন- মাইন্ড এইডের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, শেফ মাসুদ, ওয়ার্ড বয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম পলাশ ও ফার্মাসিস্ট তানভীর হাসান।
মামলার আসামিদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আমিন এখনও পলাতক।
