২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের নিরাপত্তায় শাহবাগে ৬৮ সংগঠনের প্রতিবাদী অবস্থান

দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহণসহ ১০ দাবিতে ঢাকার শাহবাগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে ৬৮টি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2020, 08:45 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘সামাজিক প্রতিরোধ কমিটি’র ব্যানারে মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, জাতীয় নারী জোট, ব্র্যাক, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, একশানএইড বাংলাদেশ ও কেয়ার বাংলাদেশসহ সংগঠনগুলো এ কর্মসূচিতে অংশ নেন।

তাদের ১০টি দাবির মধ্যে রয়েছে- সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও এসকল সম্প্রদায়ের উপর হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তার ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা; সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা রোধ করে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করা; ধর্ম রক্ষার নামে অসাম্প্রদায়িক পরিবেশ বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করা; ওয়াজ মাহফিলসহ সকল প্রকার ধর্মীয় সভায় মানবাধিকার ও নারীবিরোধী বক্তব্য আইন করে বন্ধ করা; রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা; ডিজিটাল নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে সত্যিকারের অপরাধীদের গ্রেপ্তার করা; সহিংসতা প্রতিরোধে সব ধরনের সতর্কতামূলক জরুরী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

কর্মসূচিতে সংহতি জানিয়ে জাতীয় মানবাধিকার পরিষদের সাবেক চেয়্যারম্যান কাজী রিয়াজুল হক বলেন, “সাম্প্রদায়িক ঘটনাগুলো নারী ধর্ষণ-নিপীড়ন, হত্যা-খুন, অগ্নিসংযোগএসবের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এগুলো আরও বড় পরিকল্পনা নিয়ে এগোয়।”

মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, “পত্রিকার পাতা খুললেই আমরা খুন-ধর্ষণ-সহিংসতার খবর দেখতে পাই। আর এসব ঘটনার শিকার হচ্ছে নারী, সংখ্যালঘু সম্প্রদায় আদিবাসীসহ সমাজের পশ্চাৎপদ মানুষেরা। এগুলোর পেছনে কারা আছে, সেটাও পরিষ্কার। এসবে জড়িত থাকছে প্রশাসন, জনপ্রতিনিধি, রাষ্ট্রযন্ত্র, যাদের হাতে ক্ষমতা আছে। তার মানে কি তারা আমাদের সমাজকে অপরাধ প্রবণ হিসেবে গড়ে তুলতে চায়?

“এই অপরাধপ্রবণ রাষ্ট্রের দায় সমাজকে নিতে হবে। এলাকার যারা অপরাধপ্রবণ, যাদের গ্যাং আছে তাদের প্রশ্রয়ে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়। সরকারপ্রধানকে বলবো, আপনারা খোঁজ নেন, কোন জনপ্রতিনিধির এলাকায় কত অপরাধ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো, কারা এসবের সাথে জড়িত।”

স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক লীনাও বক্তব্য রাখেন।