মিয়ানমারে নতুন সরকার নিয়ে আশাবাদী মোমেন
বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আটকে থাকার মধ্যে মিয়ানমারের নতুন সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানানোর কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “মিয়ানমার হয়ত সমকালীন অবস্থা চিন্তা করে রোহিঙ্গাদের বিতাড়িত করেছে। দীর্ঘ সময়ে তাদের মন মানসিকতার হয়ত পরিবর্তন হতে পারে।
“আমরা নতুন সরকারকে স্বাগত জানাব। আর (মিয়ানমারে) সরকারের কোনো পরিবর্তন নাই।”
প্রায় পাঁচ দশক সেনা শাসনের পর মিয়ানমারে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার।
দলের এজেন্টদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দাবি করেছে, নতুন সরকার গড়ার জন্য পার্লামেন্টে যথেষ্ট আসন পাচ্ছে তারা।
মিয়ানমারে সু চির দল এনএলডি ব্যাপক জনপ্রিয় হলেও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০১৫ সালের নির্বাচনে বিপুল বিজয় পাওয়া সু চির ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই ধসে গেছে রোহিঙ্গা ‘গণহত্যার’ ঘটনাপ্রবাহে তার ‘নীরব সমর্থনের’ কারণে।
প্রথম মেয়াদে সু চির দল ক্ষমতায় থাকার মধ্যে ২০১৭ সালের অগাস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে সাত লাখের বেশি রোহিঙ্গা।
আগে থেকে আশ্রয় নেওয়া আরও চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাস করছে তারা।
গত বছর দুই দফায় উদ্যোগ নেওয়া হলেও রাখাইনে নিরাপত্তার সংকটের শঙ্কায় রোহিঙ্গা যেতে রাজি না হওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যায়।
মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ৪৪০ এবং উচ্চ কক্ষ জাতীয় পরিষদের ২২৪ আসনের মধ্যে ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সহিংসতার কারণে রাখাইনের কিছু এলাকা বাদে বাকি আসনগুলোতে রোববার ভোট হয়েছে।
মিয়ানমারে নির্বাচনের পরে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে আবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস বাংলাদেশেকে দিয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্র চীন।
প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার আমাদেরকে বিভিন্নভাবে অঙ্গীকার করেছে, তারা রোহিঙ্গাগুলোকে, তাদের বাস্তুচ্যুত লোকগুলোকে নিয়ে যাবে। আমরা সেটাতে বিশ্বাস করি।
”কারণ এর আগেও অনেকবার মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসেছে এবং মিয়ানমার সরকার আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিয়ে গেছে। আমাদের বিশ্বাস এখনও তারা আলোচনার মাধ্যমে তাদের নিয়ে যাবে।”
এর আগেও চীন ও বাংলাদেশের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকেও মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার কথা বললেও সেভাবে কাজ না হওয়ার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এবার ত্রিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে মিয়ানমারে দিক থেকে নতুন একটি উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “সুখের বিষয় হলো- আগে তো তারা বলেছে, নির্বাচনের পর নিয়ে যাবে।
”এবার বলেছে ওখানে কী কী করেছে, তা নিয়ে একটা পুস্তিকা প্রকাশ করবে। যেটা তারা বাস্তুচ্যুত লোকদের দেবে। তারা পড়ে দেখবে যে কী কী হয়েছে। এগুলো ভালো ও ইতিবাচক খবর।”
