২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপন হত্যা: সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক

প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডা. প্রদীপ বিশ্বাস।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2020, 08:55 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তিনি সাক্ষ্য দেন।

পরে আসামিপক্ষের অন্যতম আইনজীবী খায়রুল ইসলাম লিটন এই চিকিৎসককে জেরা করেন বলে এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার জাকির জানান।

আইনজীবী লিটন জেরায় জানতে চান, মযনাতদন্তের বাংলা ফরম ইংরেজিতে পূরণ করা হয়েছে কেন এবং সুরতহালের প্রতিবেদনের সঙ্গে কেন ময়নাতদন্তের প্রতিবেদনের মিল নাই। 

প্রদীপ বিশ্বাসের সাক্ষ্য ও জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষে ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন রেখেছেন।

লেখক-প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর ধারাবাহিক হামলার মধ্যে ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে আক্রান্ত হন দীপন। তাকে গলা কেটে হত্যা করা হয়।

একই দিন রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হানা দেয় দুর্বৃত্ত দল। তারা প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, ব্লগার তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে আহত করে।

তার আগে ওই বছরই বাংলা একাডেমির একুশে বইমেলা চলার সময় টিএসসিতে কুপিয়ে হত্যা করা হয় লেখক-ব্লগার অভিজিৎ রায়কে। জাগৃতি ও শুদ্ধস্বর দুই প্রকাশনা থেকেই বিজ্ঞান লেখক অভিজিতের বই প্রকাশিত হয়।

দীপন হত্যার ঘটনায় মামলার পর দীর্ঘ তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান ২০১৮ সালের ১৫ নভেম্বর আট আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে অভিযোগপত্র দেন। 

সেখানে বলা হয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম দীপন হত্যাকাণ্ডে জড়িত, তাদের নেতা সৈয়দ জিয়াউল হকের পরিকল্পনা এবং নির্দেশেই দীপনকে হত্যা করা হয়।

এই মামলার আসামিরা হলেন- মইনুল হাসান শামীম, মো. আ. সবুর, খাইরুল ইসলাম, মো. আবু সিদ্দিক সোহেল, মো. মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. শেখ আব্দুল্লাহ, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেন ওরফে হাসিব। এর মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

গতবছর ১৩ অক্টোবর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করে আদেশ দেয় আদালত।

পুরনো খবর:

সাক্ষ্য দিলেন দীপনের স্ত্রী
দীপন হত্যা: চাকরিচ্যুত মেজর জিয়াসহ ৮ আসামির বিচার শুরুর আদেশ