দুর্নীতি: পাউবোর প্রকৌশলীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ
মৌলভীবাজারে মনু নদীর সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন প্রকল্পে দুর্নীতির মামলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আবু তালেবকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
তিন সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
আবু তালেবের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুজ্জামান লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।
নদী সেচ প্রকল্পের আওতায় পাম্প কেনায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চৌধুরী নজমুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান এ মামলা করেন।
এ মামলায় ঢাকার কেন্দ্রীয় যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু তালেবও আসামি।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে মৌলভীবাজারের মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন প্রকল্পের জন্য প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে পাম্প ক্রয় করেন। যেখানে সরকারের ৩৪ কোটি ৪২ লাখ ১৭ হাজার ১৯৬ টাকা আত্মসাৎ করা হয়েছে।
অনুসন্ধানে প্রকল্পের আওতায় বসানো আটটি পাম্পের প্রকৃত মূল্য পাওয়া যায় ২০ কোটি ৪১ লাখ ৭ হাজার ৬০৩ টাকা। যেখানে বিল হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৫৪ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৭৯৯ টাকা।
এসব কারণে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন প্রকৌশলী মো. আবু তালেব।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, আবু তালেবকে জামিন দেননি আদালত। তিন সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
