২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরের আ. লীগ নেতা মনির চার দিনের রিমান্ডে

ঢাকার আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ওরফে মনিরকে মাদক মামলায় এক দিন এবং অস্ত্র মামলায় তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 12:27 AM

Updated : 18 Aug 2022, 04:03 PM

শুক্রবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন আসামিকে আদালতে হাজির করে দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী  শহিদুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত মনিরের জামিন নামঞ্জুর করে অস্ত্র মামলায় তিন দিন এবং মাদক মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে এ আদালতের পেশকার পুলক দাস জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ১/২ পিসিকালচার হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালিয়ে ‘অস্ত্র ও ইয়াবাসহ’ মনিরকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে সপরিবারে দেশের বাইরে পালিয়ে যান মনির। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে গত কোরবানির ঈদের সময় দেশে ফেরেন তিনি। এরপর ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং ও চন্দ্রিমা উদ্যানে ‘দখল বাণিজ্য’ শুরু করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত তিন মাসে মনির জাল কাগজপত্র বানিয়ে শুধু ঢাকা উদ্যানের চারটি প্লট দখল করেছেন বলে অভিযোগ করা হয়।

মনিরের বিরুদ্ধে দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে। শুধু মোহাম্মদপুর থানা ও আদালতে চাঁদাবাজি, জবরদখল, মাদক, অস্ত্র, নারী নির্যাতন, চুরিসহ বিভিন্ন  অভিযোগে অর্ধশতাধিক মামলা ও জিডি রয়েছে ।