পোস্তগোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর পোস্তগোলা টিঅ্যান্ডটি মাঠের পাশে সরকারি জায়গা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
নিয়মিত উচ্ছেদ অভিযান ও এইডিস মশার লার্ভা প্রজননস্থল শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার পোস্তগোলা, ধানমন্ডি ও ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান পোস্তগোলায় আইজি গেইটের টিঅ্যান্ডটি অফিসের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, নয়টি অস্থায়ী স্থাপনা ও অবৈধভাবে দখল করে রাখা ভ্যান স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা গড়ে তুলে সরকারি জায়গা অবৈধ দখলে রাখায় তিনটি মামলা দায়ের ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কাজী ফয়সাল বলেন, “৩৩টি স্থাপনা পরিদর্শন করে দুটি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের ও নগদ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”
একইসাথে ডিএসএসসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এদিন অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডের বামৈল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এই ম্যাজিস্ট্রেট বলেন, “৫৫টি স্থাপনা পরিদর্শন করে পাঁচটি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি মামলা দায়ের ও নগদ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”
