সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী লাইফ সাপোর্টে
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়ার খবর জানিয়েছেন জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ।
৮৪ বছর বয়সী শওকত আলী কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, নিউমোনিয়ায় ভুগছেন।
এক সপ্তাহ আগে তার মেয়ে মেরিনা শওকত জানান, তার বাবার করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।
পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়।
শওকত আলী মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।
