স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের শত পদে ভোট ১০ ডিসেম্বর
স্থানীয় সরকারের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে শ’খানেক পদে সাধারাণ ও বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে ১০ ডিসেম্বর।
মঙ্গলবার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, পাঁচ পৌরসভা, ছয় ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, ৪ জেলা পরিষদ, ২ পৌরসভা ও ১০ উপজেলার বিভিন্ন পদে উপ-নির্বাচন হবে ১০ ডিসেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর; যাচাই-বাছাই ১৭ নভেম্বর; মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ তারিখ ২৩ নভেম্বর।
ইউপি ও উপজেলায় ভোট হবে সকাল ৯টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত। পৌরসভায় ভোট হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
পৌরসভা: ফরিদপুরের ফরিদপুর পৌরসভা; মধুখালী পৌরসভা; মাদারীপুরের রাজৈর পৌরসভা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা; ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন ১০ ডিসেম্বর।
এছাড়া গোপালগঞ্জের সুকসুদপুর পৌরসভার ৬ নং সাধারণ ওয়ার্ড ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নং সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচনও হবে ১০ ডিসেম্বর।
উপজেলা: বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে; নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান; পাবনার বেড়া ও ঈশ্বরদীতে চেয়ারম্যান পদে; সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান; যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং রাজবাড়ীর গোয়ালন্দতে চেয়ারম্যান; নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান ও কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে ১০ ডিসেম্বর।
ইউপি: কুড়িগ্রামের রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা; বন্দবেড়; চর শৌলমারী; বরিশালের মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া; দক্ষিণ উলানিয়া ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপিতে ভোট হবে ১০ ডিসেম্বর।
এছাড়া ৬৮ ইউপির বিভিন্ন পদে উপ নির্বাচন হবে ১০ ডিসেম্বর।
জেলা পরিষদ: ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে; চুয়াডাঙ্গায় ৮ নং ওয়ার্ডের সদস্য পদে; চাঁপাইনবাবগঞ্জে ২নং ওয়ার্ডে ও টাঙ্গাইলে ১০ নং ওয়ার্ডে ভোট ১০ ডিসেম্বর।
৭ ও ১৩ ডিসেম্বরেও রয়েছে কয়েকটি পদে ভোট
আলাদা তফসিল অনুযায়ী, ৭ ডিসেম্বর ভোট হবে ৩টি ইউপিতে, ১টি জেলা পরিষদে। আর ১৩ ডিসেম্বর ভোট হবে ১টি ইউপিতে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলি ইউপিতে ভোট ১৩ ডিসেম্বর। এছাড়া বাঞ্ছারামপুরের দড়িকান্দি, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ও ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউপিতে ভোট ৭ ডিসেম্বর।
আর নওগাঁ জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডে ভোট ৭ ডিসেম্বর।
