২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় ঘোষণার পর্যায়ে ফের শুরু ওয়াশিকুর হত্যার বিচার

রায় ঘোষণার পর্যায়ে এসে আইনি জটিলতা ও ত্রুটির কারণে পাঁচ বছর আগের ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় নতুন করে অভিযোগ গঠন করে আগের অভিযুক্ত পাঁচ আসামির বিরুদ্ধেই নতুন করে অভিযোগ গঠন করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 06:54 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জজ রবিউল ইসলাম বুধবার ফের তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ নভেম্বর দিন রেখেছেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার জানিয়েছেন।  

আইনি ত্রুটি ও জটিলতার কারণ দেখিয়ে ২৭ অক্টোবর ২২৭ ধারা মোতাবেক অভিযোগ সংশোধন করে দণ্ডবিধির ১২০(বি) ধারায় মামলায় পুনঃঅভিযোগ গঠন করার আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলাটি।

সেদিনেই আবেদন গ্রহণ করে বিচারক নতুন করে অভিযোগ গঠনের জন্য বুধবার দিন রেখেছিলেন।

রায়ের পর্যায়ে এসে পুনঃবিচারে গেল ওয়াশিকুর হত্যা মামলা

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর 

এ মামলার পাঁচ আসামির মধ্যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর কারাগারে আছেন।

আর মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরাকে পলাতক দেখিয়েই মামলার বিচার কাজ চলছিল।

কারাগারে থাকা তিন আসামি এর মধ্যে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন।

বুধবার আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, শুধুমাত্র অপরাধজনক ষড়যন্ত্রে যে সব আসামি যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা ও ১৬৪ ধারার জবানবন্দী গ্রহণকারী হাকিমের নতুন করে সাক্ষ্য নেওয়া হবে।

“এর বাইরে যদি প্রয়োজন পড়ে, তবে আমরা রাষ্ট্রপক্ষের আরো এক/দুজন সাক্ষীকে ডাকতে পারি।”

ফৌজদারী কার্যবিধির ২২৭ ধারায় বলা হয়েছে, রায় প্রকাশ করার আগে যে কোনো পর্যায়ে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারে। আর দণ্ডবিধি আইনের ১২০(বি) ধারায় বলা হয়েছে, অপরাধজনক ষড়যন্ত্রের কথা।

২৭ অক্টোবর পুনরায় অভিযোগ গঠনের আবেদনে বলা হয়, মামলার আসামি সাইফুল ঘটনার সময় অন্য একটি নাশকতার মামলায় কারাগারে ছিলেন। তিনি সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন না, ষড়যন্ত্রকারী ও পরামর্শক হিসাবে কাজ করেছিলেন।

কিন্তু সংশ্লিষ্ট বিচারক অভিযোগ গঠনের সময় বিষয়টি এড়িয়ে যান। এ আসামির বিরুদ্ধে ১২০বি ধারায় অভিযোগ আনতে হতো। তা না করা বিচারে মারাত্মক ত্রুটি।

২০১৬ সালের ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান।

মামলায় ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণের পর গত ৪ অক্টোবর জজ রবিউল ইসলাম ২৭ অক্টোবর রায়ের দিন ধার্য করেছিলেন।

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

ব্লগার ওয়াশিকুর বাবু হত্যার বিচার শুরু

ওয়াশিকুর হত্যার অভিযোগপত্রে আসামি ৫

২০১৫ সালের ৩০ মার্চ ঢাকার তেজগাঁওয়ে নিজের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর, যিনি ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লিখতেন।

তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে এই হত্যাকাণ্ডের পরপরই জনতা ধাওয়া করে মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুলকে ধরে ফেলে। আর সাইফুলকে হত্যাকাণ্ডের কয়েক দিন আগেই ধারালো অস্ত্রসহ যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ঘটনার পরদিন চারজনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন নিহতের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

এরপর ওই বছরের ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ আনসারুল্লাহর পাঁচ সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেখানে বলা হয়, এই পাঁচ আসামির মধ্যে পলাতক আব্দুল্লাহ হত্যার পুরো বিষয়টি পরিকল্পনা করেছিলেন এবং বাস্তবায়নের জন্য কাজ করছিলেন।

ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে না আসায় পরে রাষ্ট্রপক্ষ খোঁজ নিয়ে জানতে পারে, তিনি নোয়াখালীতে তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন না। ঘটনার বেশ কিছুদিন পর জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে চলে গেছেন।

তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দেশে এনে সাক্ষ্য দেওয়ানোর উদ্যোগ নেওয়া হলেও তাতে কাজ হয়নি। সে কারণে নিয়ম অনুযায়ী মামলার রেকর্ডিং কমকর্তা তেজগাঁও থানার তখনকার ওসি সালাহউদ্দিন বাদী মো. মনির হোসেন মাসুদের এজাহারের সই শনাক্ত করেন। 

২৭ বছর বয়সী ওয়াশিকুর তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি ট্র্যাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার বাবার নাম টিপু সুলতান, বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে।

সামহোয়্যারইন ব্লগে ‘বোকা মানব’ নামে একটি অ্যাকাউন্ট থাকলেও তিনি মূলত লেখালেখি করতেন ফেইসবুকের কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে।

এর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ধর্মান্ধতার বিরুদ্ধে ফেইসবুকে লেখালেখিতে সক্রিয় রাজীব হায়দারকে খুন করা হয় একই কায়দায়। ওই মামলার রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

রাজীব হত্যার পর আরও অন্তত ছয়জন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, প্রকাশক একই কায়দায় খুন হন। এর মধ্যে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে লেখক-ব্লগার অভিজিৎ হত্যা মামলার বিচার চলছে।