২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিচার শুরু

ঘুষ গ্রহণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনের মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 01:27 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ নজরুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় পার্থ গোপালের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রাখেন।

এদিন মামলার অভিযোগ গঠনের আদেশে পড়ে শোনানো হলে কাঠগড়ায় দাঁড়ানো পার্থ নিজেকে নির্দোষ দাবী করে ন্যায়বিচার চান।

মামলা থেকে পার্থ গোপালের অব্যাহতি চেয়ে তার আইনজীবী এহসানুল হক সমাজী আদালতে বলেন, “যেহেতু ঘুষ গ্রহণের পক্ষে কোনো, সেহেতু তার কোনো অর্জনও নেই। তিরি কোনো টাকা পাচার করেননি। অনুমানের ভিত্তিতে দায়ের করা মামলার বিচার শুরু হলে আদালতের মূল্যবান সময় নষ্ট হবে।

রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বক্তব্যের বিরোধিতা করে অভিযোগ গঠন করে বিচার শুরুর আর্জি জানান।

পরে বিচারক অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে দেন।

২০১৯ সালের ২৯ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

অভিযোগপত্রে বলা হয়, পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন। এসব টাকা গোপন করে তার নামীয় কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের জন্য নিজ বাসস্থানে লুকিয়ে রেখে দণ্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ধানমণ্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

মামলাটি তদন্ত করে এ বছরের ২৪ অগাস্ট দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দিন অভিযোগপত্র দেন।

এরপর ৩১ অগাস্ট ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে স্থানান্তর করেন।

পুরনো খবর:

ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে
ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের মামলা বিচারের জন্য স্থানান্তর
ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিরুদ্ধে অভিযোগপত্র