আবরার হত্যা মামলায় এক বুয়েট ছাত্রের সাক্ষ্য
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন শেরেবাংলা হলের একজন আবাসিক ছাত্র।
সিএসই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র আবু নওশাদ সাকিব বুয়েটের শেরেবাংলা হলের ৪০২ নম্বর কক্ষে থাকেন। আর তড়িৎ কৌশল বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র আবরার ছিলেন ওই হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
গত বছরের ৬ অক্টোবর রাতে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতা-কর্মী।
সাকিব মঙ্গলবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের কাছে সাক্ষ্য দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন ।
আসামি অনিক সরকারের আইনজীবী মাহবুব আহম্মেদ জেরায় জিজ্ঞাসা করেন, সেই রাতে আবরারকে মারধরের ঘটনা তিনি বিভাগের কোনো শিক্ষক বা হলের প্রভোস্টকে জানিয়েছিলেন কি না। জবাবে ‘না’ সূচক উত্তর দেন সাকিব ।
তার কাছে জানতে চাওয়া হয়, মারধরের ঘটনা তিনি নিজের চোখে দেখেছিলেন কি না। উত্তরে সাকিব বলেন, তিনি নিজের চোখে দেখেননি।
আসামি ইফতি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন ওরফে শান্ত ও মুনতাসির আল জেমীর আইনজীবী সাইফুল গনী টিটো প্রশ্ন করেন, ঘটনার সময় সাকিব ৪০২ নম্বর রুমে ছিলেন কি না। জবাবে ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন সাকিব ।
বেলা ১২টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে দুপুর ০৩টায় শেষ হয় । আগামী ৮ নভেম্বর বুয়েটের আরেক ছাত্র গালীবের সাক্ষ্য নেওয়ার জন্য তারিখ নির্ধারণ করে দেন বিচারক ।
আবরার হত্যাকাণ্ডের পরদিন তার বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।
এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গত ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
