২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক বিধির নির্দেশদাতা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ওএসডি

হিজাব পরাসহ পোশাক বিধির নির্দেশদাতা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 04:52 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

এছাড়া দুর্নীতির মামলার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।

ডা. তানভীর আহমেদ চৌধুরীকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম ধর্মাবলম্বী কর্মকর্তা–কর্মচারীদের জন্য পোশাক বিধি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে আলোচনায় আসেন ডা. আব্দুর রহিম।

গত ২৮ অক্টোবর আইপিএইচ পরিচালক রহিম এক বিজ্ঞপ্তিতে তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষদের টাকনুর উপরে এবং নারীদের হিজাব পরে পর্দা মেনে চলার নির্দেশনা দেন।

সমালোচনার মুখে ভুল স্বীকার করে পোশাকের নির্দেশনা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পোশাক বিধি: পুরুষের টাকনুর ওপর, নারীদের হিজাব

পোশাকের নির্দেশনা: আইপিএইচ পরিচালককে কারণ দর্শানোর নোটিস  

পোশাকের নির্দেশনা বাতিল: ভুল স্বীকার জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালকের  

অন্যদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার বিভাগীয় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ।

পরিচালক পদে নিয়োগ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতালের উপ-পরিচালক ডা. কেএম মামুন মোর্শেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।