২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯৯ এ ফোন করে ‘অপপ্রচার, মিথ্যা ও গুজব’ যাচাইয়ের পরামর্শ

অপপ্রচার, মিথ্যা বা গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার জন্য জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 08:56 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

সোমবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি দেশে দুর্ভাগ্যজনকভাবে সম্পূর্ণ গুজব সৃষ্ট অত্যন্ত নৃশংস কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। তাতে সম্পদ বিনষ্ট হয়েছে ও নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে।

"দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।”

এই প্রেক্ষাপটে কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যাচাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে।


সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার ‘বর্বর প্রবণতা থেকে’ বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ ধরনের সকল বেআইনি কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।”

যে কোনো তথ্য ও খবরের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ক্ষোভ চলছে।

এর মধ্যেই লালমনিরহাটের বুড়িমারী বাজারে গত বৃহস্পতিবার কোরআন অবমাননার অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে উত্তেজিত জনতা।

লালমনিরহাটের ওই ঘটনায় পুরো দেশ যখন স্তম্ভিত, এর মধ্যেই ফেইসবুকে ধর্ম অবমাননার গুজবে শনিবার রাতে কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এই প্রেক্ষাপটে রোববার সরকারের এক তথ্যবিবরণীতে কোনো ধরনের ‘গুজব বা উসকানিমূলক বক্তব্যে’ কান না দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

সেখানে বলা হয়, “গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো তথ্য পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।”

পুরনো খবর:

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সরকার
বুড়িমারীতে এক ব্যক্তিকে পেটানোর পর পুড়িয়ে হত্যা
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যায় গ্রেপ্তার ৫
মুরাদনগরে গুজব তুলে ভাংচুর-অগ্নিসংযোগ