প্রাথমিকে নিয়োগ: প্রতিবন্ধী কোটা রেখে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার দাবি
প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা সুবিধা না রাখায় নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তি ঐক্য পরিষদ।
রোববার দুপুরে সংগঠনটির নেতৃত্বে প্রতিবন্ধী ব্যক্তিরা মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন।
পরে অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে স্মারকলিপি দিতে চাইলে তাদের অধিদপ্তরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তি ঐক্য পরিষদের আহ্বায়ক ইমাম উদ্দিন।
গত ১৮ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী, নারী প্রার্থীদের জন্য ৬০ শতাংশ, ২০ শতাংশ পোষ্যদের এবং বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
পাঁচ হাজার শূন্য পদ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত রাখার দাবি জানিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তি ঐক্য পরিষদের আহ্বায়ক ইমাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগ নীতিমালায় প্রতিবন্ধীদের জন্য কোটা সুবিধা রাখা হয়নি। আমাদের বিষয়টি মাথায় না রেখেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
“নারীদের জন্য কোটা রাখা হয়েছে। শিক্ষকদের সন্তানদের জন্যও রাখা হয়েছে। তারা তো সমাজের অগ্রসর গোষ্ঠী। অথচ আমাদের মত অনগ্রসরদের বিবেচনা করা হয়নি, এটা কি করে হল?”
লিখিত পরীক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা পাস নম্বর নির্ধারণ করার দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছি। নীতিমালাটি সংশোধন করে আমাদের সুযোগ রাখা হোক। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করা হোক।
“এখন যা হচ্ছে তা মানবতাবিরোধী, বৈষম্যমূলক। প্রতিবন্ধীদের চাকরি থেকে দূরে রাখার ষড়যন্ত্র। এসব প্রতিবন্ধকতা তৈরি করে আমাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।”
