আবরার হত্যামামলায় সাক্ষ্য দিলেন আরেক হাকিম
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।
মামলার আসামি আরেক বুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান শান্তর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছিলেন এই হাকিম।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে বৃহস্পতিবার সাক্ষ্য দেন তোফাজ্জল হোসেন।
পরে তাকে জেরা করেন আমিনুল গণি টিটোসহ আসামি পক্ষের আইনজীবীরা।
এনিয়ে এই মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হল।
আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী আরও দুজন হাকিম এর আগে সাক্ষ্য দিয়েছিলেন।
মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহর জবানবন্দির মধ্য দিয়ে আলোচিত এই মামলায় গত ৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬০।
গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের একদল নেতা-কর্মী পিটিয়ে হত্যা করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে।
আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।
এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।
