প্রশাসনিক অসততা, জবাবদিহির অভাব নারীর ন্যায়বিচারে বাধা: মহিলা পরিষদ
নারীর প্রতি সংবেদনশীলতার অভাব, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর ‘অসততা, দুর্বলতা, অদক্ষতা ও জবাবদিহির অভাব’ নারীর ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি) মাকছুদা আখতার, পরিচালক (অ্যাডভোকেসি) জনা গোস্বামী, আইনজীবী ফাতেমা খাতুন গত ৭ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে গিয়ে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার অনুসন্ধান করেন।
তাদের পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে ধর্ষণসহ সব ধরনের যৌন সহিংসতা প্রতিরোধ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মহিলা পরিষদ।
কেন্দ্রীয় কমিটির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী।
তিনি জানান, গত সেপ্টেম্বরে এক মাসেই ১০৯ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে।
সাভারের স্কুলছাত্রী নীল রায় হত্যাকাণ্ড, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী তরুণী ধর্ষণসহ দেশব্যাপী নানা ধর্ষণ-যৌন নিপীড়নের ঘটনা তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে।
“মাদকের সহজলভ্যতা, সমাজের অস্থিরতা, ইন্টারনেটের যথেচ্ছ নেতিবাচক ব্যবহার এবং এই বিষয়ে যথাযথ মনিটরিং ও আইনের প্রয়োগ না থাকা, নারীর প্রতি সংবেদনশীলতার অভাব, প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহের অসততা, দুর্বলতা, অদক্ষতা, জবাবদিহির অভাব নারীর ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
“বিচার কার্যক্রমের দীর্ঘসূত্রতার কারণে নির্যাতনের শিকার নারী ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করা যায় না, একই সাথে অপরাধ দমনেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না। এছাড়া প্রশাসন এবং বিচারকার্যের সাথে জড়িত সবার জেন্ডার সংবেদনশীলতারও অভাব রয়েছে।”
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফৌজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা উপস্থিত ছিলেন।
মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, “নারীকে দুর্বল ভেবে তার প্রতি শক্তির প্রদর্শন, মাদকের ব্যবহার, তরুণদের বেকারত্ব বৃদ্ধি, ক্ষমতার অপব্যবহার প্রভৃতি কারণে দেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি নেতিবাচক অবস্থার সৃষ্টি করছে।
“তবে এর মধ্যে সরকার কর্তৃক ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের শাস্তির বিধান করে খসড়া আইন প্রণয়ন কিছুটা হলেও আশার সঞ্চার করে আমাদের জন্য।”
নোয়াখালীর বেগমগঞ্জ ঘুরে আসা রেখা সাহা বলেন, “ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নির্যাতনের শিকার নারীর সাথে দেখা করতে সর্বোচ্চ চেষ্টা করার পরও সম্ভব হয়নি। তবে নির্যাতিতার বাবার সাথে কথা বলে জানা গেছে অপরাধীদের চাপের মুখে থাকায় ঘটনা দেরিতে প্রকাশ পায়। কেবল তাই নয় গুলি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “সন্ধ্যা ৬টার পর নির্যাতনের শিকার নারীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন বলে পুলিশ সুপার সময় নির্ধারণ করে দিলেও থানার অফিসার ইন-চার্জ বিভিন্ন টালবাহানা করে ‘সময়ক্ষেপণ’ করতে থাকেন। পরে রাত সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করেও প্রতিনিধি দলকে নির্যাতনের শিকার নারীর সাথে দেখা করতে দেয়নি।”
নারীর সুরক্ষা নিশ্চিতে বেশ কয়েকটি দাবি জানিয়েছে মহিলা পরিষদ। সেগুলো হল-
# ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কমিশন গঠন করতে হবে।
# নারী ও কন্যার প্রতি যৌন নিপীড়নসহ সকল প্রকার সহিংসতা ও নির্যাতন কঠোর হস্তে বন্ধ করতে হবে।
# ধর্ষণসহ নারীর প্রতি যৌন সহিংসতা বন্ধে সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।
# জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীকে অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে হবে।
# ধর্ষণের জন্য অভিযুক্তদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে। অপরাধীকে যে কোনো ধরনের রাজনৈতিক, প্রশাসনিক আশ্রয়- প্রশ্রয়দাতাদের জবাবদিহি, প্রয়োজনে বিচারের আওতায় আনতে হবে।
# নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সংঘটিত অপরাধের জন্য সংসদে জবাবদিহি করতে হবে। জরুরি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জাতীয সংসদে, ধর্ষণ বন্ধে করণীয় বিষয়ে আলোচনা উত্থাপন করতে হবে।
# বর্তমানে প্রচলিত ধর্ষণ আইনটি আমূল সংস্কার করতে হবে। ধর্ষণের মামলার দীর্ঘসূত্রতা পরিহারের জন্য সুনির্দিষ্ট দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠন করে নারী-কন্যাদের প্রতি নির্যাতনকারী ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
# ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে একটি পূর্ণাঙ্গ আইন ও বিধিমালা তৈরি করতে হবে। ধর্ষণ মমলায় জামিন অযোগ্য ঘোষণা করতে হবে।
# নারী ও কন্যার প্রতি সহিংসতার মামলার সাক্ষীর সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে আইন প্রণয়ন করতে হবে। উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি ও নিপীড়ন রোধে হাই কোর্টের রায়ের আলোকে পৃথক আইন প্রণয়ন করতে হবে।
# ধর্ষণের শিকার নারীর ডাক্তারি (মেডিকো-লিগ্যাল) পরীক্ষার ক্ষেত্রে ‘দ্বি-আঙ্গুলের পরীক্ষা’ বা ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করে দেওয়া হাই কোর্টের রায়ের বাস্তবায়ন করতে হবে।
# ধর্ষণের শিকার নারীর ক্ষতিপূরণের জন্য রাষ্ট্রীয় তহবিল গঠন করতে হবে।
# নারী ও শিশু নির্যাতন দমন মামলাগুলো মনিটরিংয়ের জন্য তিনটি মন্ত্রণালয়ের (স্বরাষ্ট্র, আইন-বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য) একটি সমন্বিত মনিটরিং কমিটি গঠন করতে হবে।
# ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের, পুলিশ, আইনজীবী (প্রসিকিউশন ও ডিফেন্স), বিচারকদের জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ দিতে হবে।
# পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর বাস্তবায়ন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় নারীর ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
# প্রতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সামাজিক নেতিবাচক আচার-আচরণ বন্ধ করার উদ্যোগ নিতে হবে। শিক্ষা কার্যক্রমে নারীর মানবাধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
