২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে চাকরির নামে প্রতারণা, ৪ জনকে কারাদণ্ড

কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2020, 07:32 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

সোমবার দুপুরে থেকে বিকাল পর্যন্ত মিরপুর শাহ আলী প্লাজার নবম তলায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভিসা গাইড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান বিদেশে লোক পাঠানোর নাম করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে- এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

“এবছর এ চক্রটি অনেকের কাছ থেকে প্রতারণা মাধ্যমে এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। র‌্যাবের কাছে অসংখ্য অভিযোগ এসেছে। তারা টাকা নিলেও একজনকেও বিদেশে পাঠাতে পারেননি।”

তিনি বলেন, মূলত প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল উদ্দেশ্য। এই প্রতারণার কারণে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সি এস আফিজ এবং এমডি মোশারফ হোসেনকে অভিবাসী আইনে এক বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আর অফিসের কাউন্সিলর আরিফুল ইসলাম ও আইটি স্পেশালিস্ট সুজন রনিকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে বলে জানান পলাশ কুমার বসু।