ভাষাসৈনিক মির্জা মাজহারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, চিকিৎসা খাতে একুশে পদকপ্রাপ্ত এই চিকিৎসকের অবদানের কথা এক শোকবার্তায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. মির্জা মাজহারুল ইসলাম রোববার সকালে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্ধক্যজনিত অন্যান্য রোগেও ভুগছিলেন তিনি।
“করোনাভাইরাস সংক্রমণ নিয়ে ৩০ সেপ্টেম্বর তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ১ অক্টোবর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।”
