বাংলাদেশ অতিদ্রুত ফিরবে স্বাভাবিক অবস্থায়, আশা মুখ্য সচিবের
মহামারীর বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস আশা করছেন, ‘দুর্ভাগ্যজনক’ কিছু না ঘটলে গেলে বাংলাদেশ অতিদ্রুত আগের অবস্থায় ফিরে যাবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপের তথ্য তুলে ধরে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।
ওই জরিপে উঠে এসেছে, কোভিড-১৯ মহামারীর প্রভাবে গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত দেশে বেকারত্বের হার ২২ শতাংশের উপরে উঠলেও সেপ্টেম্বরে তা ৩ দশমিক ৭৫ শতাংশে নেমে এসেছে, যা আগের অবস্থার কাছাকাছি।
কায়কাউস বলেন, “আমরা নিজেকে গর্বিত জাতি হিসেবে বিবেচনা করতে পারি। কারণ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে হিসেব করে দেখেছি আমরা দ্রুত আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার পরিস্থিতিতে আছি। শতভাগ এখনও হয়নি, তবে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে।
“বর্তমানে যে কাজগুলো চলমান রয়েছে তার ফলে আমরা যে পর্যায়ে আছি আল্লাহর রহমতে যদি অদৃশ্য সেই ভাইরাস যদি নিতান্ত দুর্ভাগ্যজনক কোনো পরিস্থিতিতে না নিয়ে যায়, এভাবে থাকলে ইনশাল্লাহ আমরা অতিদ্রুত আবার আমাদের উন্নয়নের যে স্রোতধারা যে গতিবেগ সৃষ্টি হয়েছে তার ভেতরে চলে আসতে পারব।”
জরিপের তথ্য তুলে ধরে মুখ্য সচিব বলেন, “আর্থিক সহায়তার ক্ষেত্রে সরকার যে লক্ষ্য ধরেছিল নিম্ন আয়ের মানুষ যেন পায়, সেটা সাকসেসফুল হয়েছে। ৯৫ শতাংশ মানুষ বলেছে তাদের আয় ২০ হাজারের নিচে। অর্থাৎ কম আয়ের মানুষ সহায়তাটা পেয়েছে।”
২১টি প্যাকেজে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা বাস্তবায়নের সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি বলেন, “২১ ধরনের প্রণোদনা পৃথিবীর কোথাও দেয়নি। প্রধানমন্ত্রীর নীতি ছিল জীবন এবং জীবিকা- দুটো এক সঙ্গে গুরুত্ব দিয়ে সরকারের কর্মকাণ্ড পরিচালনা করা।”
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের পূর্ব প্রস্তুতি প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, “সেকেন্ড ওয়েব বা থার্ড ওয়েব বলে এখনও আমরা কেউই জানি না এটা আসবে কি আসবে না।
“যদি আসে তার প্রস্তুতির জন্য প্রধানমন্ত্রী বহু আগে আমাদের বলেছেন। বিশেষ করে শীতের সময় আসার সম্ভাবনা আছে বলে সেই নির্দেশনা দিয়েছেন। প্রস্তুতিও নেওয়া হয়েছে।”
এক প্রশ্নের জবাবে আহমদ কায়কাউস বলেন, “যখনই অনিয়মের খবর পাওয়া গেছে তখনই সরকারের তরফ থেকে অ্যাকশন নিতে কোন দ্বিধা করা হয়নি। কোন গাফিলতি করা হয়নি।”
