রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী থাই দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুণরাঙ্গ ফোতং হামফ্রেইস।
বৃহস্পতিবার বিকেলে থাইল্যান্ডের বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রপতি দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর জন্য থাইল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানান।”
রাষ্ট্রপতি এসময় পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর জোর দেন।
রাষ্ট্রপতি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডের সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি হামিদ সফলভাবে দায়িত্ব পালনের জন্য থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
