২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরারের স্মরণে পলাশী মোড়ে স্মৃতিস্তম্ভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে রাজধানীর পলাশী মোড়ে একটি স্মৃতিস্তম্ভ কৈরি করেছে চাকরির কোটা আন্দোলন থেকে তৈরি মঞ্চ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা; এর নাম তারা দিয়েছে ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 01:27 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে পরিষদের নেতা-কর্মীরা মঙ্গলবার মধ্যরাতে 'আবরার ফাহাদ স্মৃতি সংসদ' ব্যানারে এই স্তম্ভ তৈরি করেন। আখতার নিজেকে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক হিসেবে দাবি করেছেন।

স্মৃতিস্তম্ভের ফলকে লেখা হয়েছে 'অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে'। আবরার ফাহাদ তার ফেইসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন।

আখতার বলছেন, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা এই আটটি বিষয়ের প্রতীক হিসেবে তারা আটটি স্তম্ভ বানিয়েছেন।

“আপনারা জানেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার আজ থেকে এক বছর আগে ঠিক এই রাতেই ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তাই আমরা এই স্থাপনাটির নাম দিয়েছি আগ্রাসন বিরোধী আট স্তম্ভ।

“আমরা মনে করছি, আটটি স্তম্ভ আটটি বিষয়কে নির্দেশ করবে। এই আটটি বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একটি আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে পারব।”

বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

পরদিন ৭ অক্টোবর তার বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। পাঁচ সপ্তাহ তদন্ত করে পুলিশ মোট ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়, যাদের সবাই বুয়েটের বিভিন্ন বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত।

গত ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

আবরার হত্যার এক বছর হয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় বুধবার বিকেলে পলাশী মোড়ে আট স্তম্ভের সামনে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেন।