ভিন্ন আঙ্গিকে শিক্ষার স্বীকৃতি ব্র্যাকের তিন স্কুলের
চলমান বিশ্ব শিক্ষা সপ্তাহে সবার জন্য উচ্চতর ও উন্নতমানের শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসাবে বিশ্বব্যাপী ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে ব্র্যাকের তিনটি স্কুল।
শিক্ষকদের উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক ফোরাম ‘টি-ফোর’ আয়োজিত এক ইভেন্টে এই ঘোষণা আসে বলে মঙ্গলবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কোভিড-১৯ মহামারীর কারণে ৫-৯ অক্টোবর ডিজিটাল অনুষ্ঠানের মাধ্যমে এই স্বীকৃতি উদযাপন করা হবে। নির্বাচিত স্কুলগুলো এই সময়ের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করবে এবং তা বিশ্বজুড়ে প্রচারিত হবে।
উদ্বোধনী দিনেই সোমবার সুনামগঞ্জের তাহিরপুরের হাওর এলাকা ভাটি জামালগড়ে ব্র্যাকের শিক্ষাতরীতে এ উপলক্ষে এক ঘণ্টার অধিবেশন হয়।
এই অধিবেশনের শিরোনাম ছিল ‘জলবায়ু পরিবর্তনের নিরিখে স্কুলগুলোকে আরও প্রাণোচ্ছল করে তোলা’।
প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের শিক্ষিত করার জন্য একটি অনন্য উদ্ভাবন এই নৌকা স্কুল। যারা স্কুলে যেতে পারে না বা গেলেও ঝরে পড়ার (ড্রপ আউট) ঝুঁকি থাকে, তাদের পড়াশোনায় নিয়ে আসার ধারণাটি এখানে দৃশ্যমান হয়।
বর্তমানে সারা দেশের ১৬টি জেলার নিচু এলাকায় মোট ৬০০টি নৌকা স্কুল চালু রয়েছে। এই স্কুলগুলোর শিক্ষকও স্থানীয় তরুণীরা, যারা প্রতিটি শ্রেণিতে ৩০ জন ছাত্রকে পড়ান।
ডিজিটাল অনুষ্ঠানে ব্র্যাকের আয়োজন উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
এ সময় তিনি বলেন, “কোভিড-১৯ এর কারণে বিধি-নিষেধের প্রভাব শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার উপর প্রভাব ফেলেছে। স্কুল বন্ধ থাকায় শিশুদের অন্যের সাথে মিথস্ক্রিয়া করা, মাঠে খেলাধুলা করা, নির্দ্বিধায় চলাফেরা এবং শিক্ষকদের সংস্পর্শে আসাসহ সামগ্রিক স্কুলের পরিবেশ উপভোগ করা সীমিত হয়ে পড়েছে। এ রকম পরিস্থিতি তাদেরকে কুসংস্কারের দিকে ধাবিত করতে পারে।”
এই নৌকা স্কুলগুলোর মাধ্যমে কীভাবে জলবায়ু সহনশীলতার ধারণাটি প্রকাশ পায়, তা ব্যাখ্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিন।
তিনি বলেন, “ব্র্যাক ‘নো-প্লাস্টিক পলিসি’ অনুসরণ করছে এবং নৌকা স্কুলে যে জলবায়ুবান্ধব অভ্যাসগুলোর চর্চা করা হয়, তার মধ্যে এটি অন্যতম। এই স্কুলের শিক্ষার্থীরা এসব দ্রব্যের পুনর্ব্যবহার, ক্ষতির মাত্রা কমিয়ে আনার ব্যাপারে সচেতন। শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করার জন্য স্কুলগুলো আঞ্চলিক পাঠক্রমে পরিবেশগত শিক্ষার উপাদানগুলোও অন্তর্ভুক্ত করে। এর ফলে শিক্ষার্থীরা টেকসই ভবিষ্যতের দিকে রূপান্তরের জন্য প্রস্তুত হয়।”
এই শিক্ষা ব্যবস্থাটি সাধারণত সর্বাত্মক কল্যাণকেই আহ্বান করে বলে মন্তব্য করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক সফিকুল ইসলাম।
তিনি বলেন, “নৌকা স্কুলগুলো শিক্ষার্থীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সমাজ-সংবেদনশীল এবং পরিবেশগত উন্নতির বিভিন্ন মাত্রা নিশ্চিত করে।”
বিশ্ব শিক্ষা সপ্তাহের জন্য নির্বাচিত অন্য দুটি স্কুল হচ্ছে- নেত্রকোণার কান্দাপাড়া পশ্চিম ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় এবং সুনামগঞ্জের সাউদেরশ্রী ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের পরিচালক নবনীতা চৌধুরী।
