২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তেরখাদার জোড়া খুন: ‘জালিয়াতি করে নেওয়া’ সাত আসামির জামিন বাতিল

খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় ‘জালিয়াতি করে নেওয়া’ সাত আসামির জামিন বাতিল করে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 10:04 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

আদেশ পাওয়ার দশ দিনের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে আদেশে।

এছাড়া এ জামিন জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে হাই কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে আদালত।

সাত আসামির জামিন আদেশ প্রত্যাহার (রিকল) চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

জামিন বাতিল হওয়া আসামিরা হলেন- শেখ সাইফুল ইসলাম, আব্দুর রহমান, খালিদ শেখ, ইস্কান্দার শেখ, জমির শেখ, জিয়ারুল শেখ ও আব্বাস শেখ।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

সাংবাদিকদের তিনি বলেন, মামলার মূল এজাহার পরিবর্তন করে জালিয়াত চক্র নিজেরাই একটি এজাহার তৈরি করে। নিম্ন আদালতের ভুয়া আদেশের অনুলিপিও তৈরি করে তারা। এরপর সেসব নথি দেখিয়ে গত ২৪ ফেব্রুয়ারি তারা হাই কোর্ট থেকে জামিন নেয়।

“বিষয়টি নজরে আসায় আসামিদের জামিন বাতিলের পাশাপাশি তাদের গ্রেপ্তারের জন্য আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলাম। আদালত সে আবেদনে শুনানির পর আসামিদের জামিন বাতিল করে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে।”

আসামিপক্ষের আইনজীবী এমএ শহীদ চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ৭ আগস্ট খুলনার তেরখাদায় নাঈম শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় আহত হন তার বাবা হিরু শেখ (৫৫)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

পরদিন তেরখাদা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তেরখাদার ইউপি চেয়ারম্যান এম দীন ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ মামলার তিন আসামি শেখ সাইফুল ইসলাম, আব্দুর রহমান ও খালিদ শেখ গত বছরের আগস্টে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ১৯ ডিসেম্বর খুলনার জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেয়।

পরে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি হাই কোর্টে জামিন চান তারা। ওই জামিন আবেদনে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার তথ্য গোপন রাখা হয়।

আসামিদের পক্ষে মামলাটি শুনানি করেন আইনজীবী এমএ শহীদ চৌধুরী। শুনানি শেষে হাই কোর্ট তাদের জামিন মঞ্জুর করে। পরে কারাগার থেকে তারা মুক্তি পান।

জালিয়াতি ধরা পড়ে যেভাবে

এ মামলার সাত আসামির জামিনপ্রাপ্তির বিষয়টি জানার পর কারাবন্দি অন্য কয়েক আসামি হাই কোর্টের অন্য একটি বেঞ্চে জামিন আবেদন করেন।

তাদের জামিন আবেদনে মামলার ওই তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাত আসামির জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

এরপর বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজের নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি এ আদালতের আইন কর্মকর্তা সাইফুদ্দিন খালেদকে জানালে তিনি নথি যাচাই করে বিষয়টি বেঞ্চের বিচারপতিদের নজরে আনেন। পাশাপাশি আদেশ প্রত্যাহারের আবেদন করেন।

আদালত রোববার ওই আবেদনটি শুনানির জন্য রেখেছিল। সে অনুযায়ী আবেদনের শুনানির পর জামিন বাতিল করে আদেশ দিল উচ্চ আদালত।