এক সঙ্গে দুই জা’র সঙ্গে সম্পর্ক: ধরা পড়ে ধর্ষণ মামলায় গ্রেপ্তার
জা সম্পর্কের দুই নারীর সঙ্গে একই সঙ্গে সম্পর্ক রেখে চলছিলেন গাড়িচালক মনিরুল ইসলাম মনির; কিন্তু ধরা পড়ার পর ধর্ষণের মামলায় এখন তাকে গ্রেপ্তার হতে হয়েছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে মনির ধর্ষণ করেছেন- ওই দুই নারী এমন অভিযোগ করেছেন পুলিশের কাছে।
এরপর বৃহস্পতিবার সকালে হাজারীবাগ এলাকা থেকে মনিরকে (৩৪) গ্রেপ্তার করা হয় বলে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানিয়েছেন।
বিবাহিত ওই নারীদের একজনকে নিয়ে হাজারীবাগে ঘর ভাড়া করে মনির থাকছিলেন। আর এই ব্যক্তি নিজের আগের বিয়ের কথা লুকিয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিবাহিত মনির বাড্ডা এলাকায় থাকতেন। সেখানে এক বিবাহিত নারীর সঙ্গে তার সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে যৌন সম্পর্ক গড়ে তোলেন এই ব্যক্তি।
ওই নারীর কাছ থেকে তার দেবরের স্ত্রীর ফোন নম্বর নিয়ে তার সঙ্গেও মনির একই সম্পর্ক গড়ে তোলেন বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান।
চার মাস আগে দ্বিতীয় নারীকে (প্রথম জনের দেবরের স্ত্রী) নিয়ে হাজারীবাগ এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নেন মনির। কিন্তু মনির এই নারীর ভাবির সঙ্গে আগের মতোই সম্পর্ক চালিয়ে গেলে এক পর্যায়ে তারা দুজনই ঘটনাটি টের পেয়ে যান।
দুই নারীই বুধবার রাতে হাজারীবাগ থানায় উপস্থিত হয়ে প্রতারণার অভিযোগ করেন। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে সকালে মামলা করলে মনিরকে গ্রেপ্তার করে পুলিশ।
মনির দাবি করেছেন, ওই দুই নারী তার সঙ্গে স্বেচ্ছায় সম্পর্ক রেখেছিলেন।
অন্যদিকে ওই দুই নারী বলেছেন, তাদের বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন মনির।
পেশায় প্রাইভেটকারচালক মনির এই দুজন ছাড়াও সে বিয়ের প্রলোভন দেখিয়ে আরও নারীর সঙ্গে সম্পর্ক গড়েছেন বলেও পুলিশ জানতে পেরেছে।
