২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

গাইবান্ধার ডিসি মো. আব্দুল মতিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2020, 07:08 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. তৌফিকুল ইসলামকে শপথ পড়ানোর নির্দেশ প্রতিপালন না করায় ডিসির বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে।

তৌফিকুল ইসলামের করা আবেদনে এ আদেশ দিয়েছে আদালত।

আদালতের আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন মুনসুরুল হক চৌধুরী, আছরারুল হক ও মো. আমিনুর রহমান চৌধুরী।

২০১৬ সালের ৩১ অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নং কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করেন তৌফিকুল ইসলাম।

দীর্ঘ সময় পরেও তার নামে গেজেট প্রকাশ না করায় ২০১৭ সালে হাই কোর্টে রিট আবেদন করেন তিনি।

এ রিট আবেদনে ওই বছরের ২৯ অক্টোবর হাই কোর্ট রায় দেয়।

রায়ে গেজেট প্রকাশ করে তার শপথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ শরীফুল ইসলাম। তবে আপিল বিভাগ তার আবেদন খারিজ করে দেয়।

এরই মধ্যে তৌফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ২০১৮ সালের ৩ জুলাই নির্বাচন কমিশন (ইসি), গাইবান্ধার ডিসিকে শপথ পড়াতে নির্দেশও দেয়।

ইসি ও হাই কোর্টের নির্দেশনার পরও শপথ না পড়ানোয় ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাই কোর্টে আবেদন করেন তৌফিকুল।