আদালত ঘুরে ফের কারাগারে গেলেন ডা. সাবরিনা
জেকেজি হেলথ কেয়ারের করোনাভাইরাস পরীক্ষার দুর্নীতির মামলায় গ্রেপ্তার ডা. সাবরিনা আরিফের জামিনের আবেদন নাকচ হয়েছে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায়।
ফলে মামলায় জড়িয়ে বরখাস্ত এই চিকিৎসককে আদালত হয়ে সোমবার ফের কারাগারে যেতে হয়েছে।
জেকেজি দুর্নীতির মামলায় গত ১২ জুলাই গ্রেপ্তার হওয়ার পর থেকে বন্দি জীবন কাটাচ্ছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের সাবেক রেজিস্ট্রার সাবরিনা।
এর মধ্যে তার দুটি জাতীয় পরিচয়পত্রের সন্ধান পাওয়ায় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে মামলা করেন।
সেই মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাবরিনাকে কারাগার থেকে দুদিনের জন্য তাদের হেফাজতে নিয়েছিল।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোমবার আদালতে হাজির করা হলে সাবরিনা জামিনের আবেদন করেন। অন্যদিকে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মমিনুল ইসলাম কারাগারে রাখার আবেদন করেন।
উভয় পক্ষের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামি সাবরিনার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩০ অগাস্ট বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া।
সাবরিনাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দুদক তদন্তে নেমে দুটি জাতীয় পরিচয়পত্রের হদিস পাওয়ার পর তা ইসিকে জানায়।
সাবরিনা মোহাম্মদপুর এলাকায় প্রথম ভোটার হন; পরেরবার ভোটার হন গুলশানে।
ভিন্ন নম্বরের দুটি জাতীয় পরিচয়পত্রে নাম একই থাকলেও জন্মতারিখ, স্বামী, ঠিকানা ভিন্ন।
সরকারি নথিপত্রে নাম সাবরিনা শারমিন হুসাইন থাকলেও এই চিকিৎসক সাবরিনা আরিফ নামে নানা কর্মসূচিতে অংশ নিতেন। কর্মস্থলে তার কক্ষে নামফলকেও লেখা ছিল- ডা. সাবরীনা আরিফ।
জেকেজি দুর্নীতির মামলায় বিচার ইতোমধ্যে শুরু হয়েছে। ওই মামলার প্রধান আসামি সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী। তিনিও এখন কারাগারে রয়েছেন।
