২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিকল্পিত মসজিদে এমন দুর্ঘটনা দুঃখজনক: প্রধানমন্ত্রী

দুর্ঘটনা এড়াতে যেকোনো স্থাপনা নির্মাণের সময় নিয়মনীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2020, 05:04 PM

Updated : 08 Apr 2022, 01:19 AM

সম্প্রতি নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এই কারণে যে, মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল, সেই লাইনের ওপর এবং তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না। আর জায়গাটাও কোনো মসজিদ কমিটির না।

“এইভাবে অননুমোদিত, অপরিকল্পিতভাবে করার ফলেই আজকে দুর্ঘটনাটা ঘটে এবং কতগুলো জীবন ঝরে গেল।”

শেখ হাসিনা বলেন, “ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন, যাতে এই ধরনের দুর্ঘটনায় আর আমাদের পড়তে না হয়।”

গত শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা।

ওই ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও সাতজন এখনও চিকিৎসাধীন, যাতের সবার অবস্থাই সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

পুরনো খবর:

মসজিদে বিস্ফোরণ: গ্যাস পাইপে ৬ ছিদ্র