২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: টিকা সরবরাহে ‘কোল্ড চেইন’ কাঠামো তৈরিতে কাজ করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের টিকা বাংলাদেশে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় কর্মকৌশল তৈরি করতে গবেষণা চালাবে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2020, 02:04 AM

Updated : 18 Aug 2022, 03:45 PM

বুয়েটের সঙ্গে মিলে তারা এই গবেষণা চালাবে। টিকা সংরক্ষণে ‘কোল্ড চেইন’ কাঠামো তৈরি এবং সক্ষমতা নিরূপণে এ গবেষণায় সহায়তা করবেন ইংল্যান্ডের ইউনিভার্সিটির অফ বার্মিংহাম এবং স্কটল্যান্ডের হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

এ বছরের আগস্টে শুরু হওয়া এই প্রকল্প চলবে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

কোল্ড চেইন তাপমাত্রা নিয়ন্ত্রিত পণ্য সরবরাহ ব্যবস্থা। এতে পণ্য উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত একটি নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখতে হয়। বিশেষ করে ওষুধ, কৃষিপণ্য, হিমায়িত খাদ্য ও রাসায়নিক উৎপাদন ও বিপননে কোল্ড চেইন পদ্ধতি অবলম্বন করা হয়।

ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, ইউকেআরআই এবং গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ড বা জিসিআরএফের সহায়তাপুষ্ট এই প্রকল্পের অন্যতম কো-ইনভেস্টিগেটর ব্র্যাক ইউনিভার্সিটির ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ফারজানা মুন্সী বলেন, “করোনাভাইরাসের গণটিকা পদ্ধতি দ্রুততর করতে হিমায়িতকরণ ব্যবস্থার সংস্কার ও পুনর্নিমাণ প্রয়োজন।

“এই প্রকল্পটি সরকারের নীতি নির্ধারকদের দেশের চিকিৎসা উপকরণ সরবরাহ ব্যবস্থা উন্নতকরণ এবং আগামী দিনের দুর্যোগ ও মহামারী রোধে টেকসই পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে।”

ফারজানা মুন্সী ছাড়াও বিশ্ববিদ্যালয়টির একই বিভাগের প্রভাষক আহসান সিনান এই গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বলছে, উন্নত রেফ্রিজারেটর ব্যবস্থার অপ্রতুলতার কারণে দরিদ্র দেশগুলোতে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য করোনাভাইরাসের টিকা পাওয়া চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের টিকা যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে, তবে ইতিপূর্বে এত বেশি মানুষের কাছে কোনো টিকা পৌঁছানোর নজির পৃথিবীতে নেই।