২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার বাবাটা!’

“আমার ছেলেকে এখনও দেখতে পারলাম না। বাবা আমার নেই, আল্লাহ তারে নিয়া গেল। আমার বাবাটা।”

সাজিদুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2020, 02:40 PM

Updated : 10 Oct 2022, 07:23 PM

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিজের ছেলে রিফাতের জন্য রিকশাচালক আনোয়ার হোসেন এভাবেই আহাজারি করছিলেন।

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রিফাতের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থেকে এভাবেই চিৎকার করে কাঁদছেন আনোয়ার। 

সাংবাদিকদের নিজের ছেলের কলেজের পরিচয়পত্র দেখিয়ে ভেঙে পড়েন আনোয়ার- “এই যে আমার বাবা। বাবাডা কোথায় আছে? কেউ বলতাছে না। শুধু এহানে-ওহানে পাডায়।”

আনোয়ারের এই আহাজারি মধ্যেই সাংবাদিকদের দেখে কাঁদতে কাঁদতে ছুটে আসেন লিটন। তার ভায়রা মো. শামীমকে খুঁজে পাচ্ছেন না তিনি।

ফেইবুকে ভায়রা শামীমের দগ্ধ ছবি দেখে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে এসেছেন তিনি। এখানেও এসে পাননি খোঁজ।

মসজিদে এসি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

কী ঘটেছিল ওই মসজিদে  

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে একসঙ্গে আধা ডজন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রে (এসি) বিস্ফোরণে নিহত ও অগ্নিদগ্ধদের স্বজনদের আহাজারিতে এখন ভারী বার্ন ইনস্টিটিউটের বাতাস।

Image
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বাইরে শনিবার সকালে মানুষের ভিড়। শুক্রবার রাতে মসজিদটিতে আধা ডজন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র একসঙ্গে বিস্ফোরিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বাইরে শনিবার সকালে মানুষের ভিড়। শুক্রবার রাতে মসজিদটিতে আধা ডজন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র একসঙ্গে বিস্ফোরিত হয়।

বার্ন ইনস্টিটিউটে আনার পর অগ্নিদগ্ধ ১৪ জনের মৃত্যু ঘটেছে, হাসপাতালে এখনও ভর্তি আছেন ২৩ জন।   

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, “যারা ভর্তি আছেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। তাদের অবস্থা অত্যন্ত খারাপ বলা যায়।”

স্বজনদের এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে। কিন্তু পুড়ে যাওয়া রোগীদের কাছে যাওয়ার অনুমতি না মেলায় আক্ষেপ আর আহাজারিই তাদের সম্বল।

অগ্নিদগ্ধে হয়ে মারা গেছেন ৩৫ বছর বয়সী মোস্তফা কামাল। ফতুল্লায় কোচিং সেন্টার পরিচালনা এবং টিউশনি করতেন কামাল। নামাজ পড়তে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ যায় তার। সত্তরোর্ধ কামালের বাবা করিম মিঝি মেজ ছেলে ইউসুফ মিঝিকে নিয়ে ছেলের লাশ নিতে এসেছেন।

Image
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার সকালে ছেলের লাশের অপেক্ষায় থাকা নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহত মোস্তফা কামালের বাবা করিম মিঝি কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার সকালে ছেলের লাশের অপেক্ষায় থাকা নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহত মোস্তফা কামালের বাবা করিম মিঝি কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। ছবি: আসিফ মাহমুদ অভি

বার্ন ইউনিটের লিফটের পাশে দেয়াল ধরে দাঁড়িয়ে নীরবে কাঁদছিলেন করিম। কয়েকজন সাংবাদিক তাকে ধরে চেয়ারে বসিয়ে দেওয়ার পর প্রায় ভেঙে পড়েন বৃদ্ধ এই বাবা।

ইউসুফ কোনমতে নিজেকে সামলিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই ছাত্র-ছাত্রী পড়িয়ে সংসার চালাতেন। পড়াশোনায় খুব ভাল ছিল। আব্বাকে এখন কী করে সামলাই। আর শুনেছি খুব খারাপভাবে পুড়ে গেছে। ভাইকে দেখে আব্বা সামলাবে কিভাবে?”

গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফতুল্লার ওই মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন ও তার ছেলে জুনায়েদ হোসেনও মারা গেছেন।

নিজের ভগ্নিপতি ও ভাগ্নেকে হারিয়ে জোবায়ের বলেন, “মসজিদ কমিটি গ্যাস কোম্পানিকে বহুদিন বলেছে, গ্যাসের লাইনে সমস্যা আছে। কিন্তু তারা কান দেয়নি। আজ আল্লাহর ঘরে এই দুর্ঘটনা ঘটলো। এর দায় কে নেবে?”

Image
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার কান্নায় ভেঙে পড়েন নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহতদের স্বজনরা। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার কান্নায় ভেঙে পড়েন নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহতদের স্বজনরা। ছবি: আসিফ মাহমুদ অভি

শ্বশুরকে হুমায়ন কবীরকে হারিয়ে দিশেহারা সানি আলম কাঁদতে কাঁদতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা জানতাম না বাবা এখানে ভর্তি। সকালে খবর পেয়ে এসে লিস্টে দেখি তিনি নেই। বাড়িতে এখনও বলিনি। কীভাবে যে জানাই।”

বার্ন ইউনিটের একটি পিলারে ঠেস দিয়ে দাঁড়িয়ে নীরবে কাঁদছিলেন রওশন আরা। তার দুই জামাই আমজাদ ও ইমান দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Image
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার কান্নায় ভেঙে পড়েন নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহত একজনের স্বজন। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার কান্নায় ভেঙে পড়েন নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহত একজনের স্বজন। ছবি: আসিফ মাহমুদ অভি

কাছে গিয়ে কথা বলতে চাইলে বৃদ্ধা রওশন ফুপিয়ে কেঁদে ওঠেন। বলেন, “কথা কইয়া কী হইবো বাবা। জামাই দুইডা পুড়ছে। আল্লাহ যেন বাঁচায়া দেয়। আহারে পুইড়া জ্বলতেছে পোলা দুইডা। দোয়া করেন আপনারা।”

একসঙ্গে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রে (এসি) বিস্ফোরণ কেন ঘটেছিল, তার তদন্তে তিনটি কমিটি কাজ করবে।

একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। একটি কমিটি করেছে তিতাস গ্যাস। অন্য কমিটি করেছে জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ তদন্তে ৩ কমিটি  

সকালে বার্ন ইউনিটে যান নারায়ণগঞ্জের ডিসি জসিম ‍উদ্দিন। তিনি মৃতদের পরিবারকে ২০ হাজার আর আহতদের ১০ হাজার টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন।